প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মুন্সীগঞ্জ যাচ্ছেন। তিনি সেখানে বিআইডব্লিউটির জন্য কেনা দুইটি উদ্ধারকারী জলযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী আজ বিকাল তিনটায় উদ্ধারকারী নৌযান উদ্বোধনের পর ধলেশ্বরী নদীর ওপর নির্মিত গার্ডার ব্রিজ, বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র এবং বিক্রমপুর বৌদ্ধবিহার উদ্বোধন করবেন। পরে তিনি কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র (মাওয়া গোলচত্বর) এলাকায় জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মুন্সিগঞ্জে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ও বিভিন্ন সংগঠন মাওয়া ফেরিঘাট ও মুন্সিগঞ্জকে বর্ণাঢ্যভাবে সাজিয়েছে। নির্মাণ করা হয়েছে অসংখ্য স্বাগত তোরণ। সফরকালে প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন বলে জানা গেছে।
