নিরাপদ মাতৃত্ব দিবস আজ

আপডেট : ২৭ মে ২০১৩, ২২:৪৪
অনিরাপদ মাতৃত্বের কারণে বছরে প্রায় ১৫ হাজার প্রসূতির মৃত্যু হচ্ছে। ২০০১ সালে প্রতি লাখে ৩২২ জন প্রসূতির মৃত্যু হলেও বর্তমানে সে সংখ্যা ১৯৪ জনে কমে এসেছে। গত একযুগের ব্যবধানে এই সংখ্যা কমেছে মাত্র ৪০ ভাগ। প্রতিবছর মাতৃমৃত্যুর হার কমেছে ৫ দশমিক ৫ শতাংশ; কিন্তু সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি-৫) পূরণে এ সময়ের মধ্যে মাতৃমৃত্যুর হার ৫ দশমিক ৪ শতাংশ হারে নেমে আসার লক্ষ্য নির্ধারণ করা ছিল। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচক-৫ পূরণ করতে হলে ২০১৫ সালের মধ্যে প্রতি লাখে মাতৃমৃত্যুর অনুপাত ১৪৩-এ নামিয়ে আনতে হলে আরো ২৫ শতাংশ কমাতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, সরকার মাতৃমৃত্যুর হার কমানোর জন্য ইতিমধ্যেই নানাবিধ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রসূতি মায়েদের জরুরি প্রসূতি সেবার আওতায় আনার লক্ষ্যে প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও ৫৯টি জেলা হাসপাতাল, ৬৮টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ১৩২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ জরুরি প্রসূতি সেবার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।