শেওড়াপাড়া কলাবাগানে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ২৭ মে ২০১৩, ২২:৫০
বেতন ও ওভারটাইমের দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় এবং কারখানা স্থানান্তরের প্রতিবাদে কলাবাগানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শেওড়াপাড়ার দু’টি কারখানার শ্রমিকদের বিক্ষোভের কারণে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দুই ঘণ্টা রোকেয়া সরণীতে এবং বসুন্ধরা গার্মেন্টের শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর রোডে বেলা ১১টা থেকে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, শেওড়াপাড়ার মিসামি ও ইয়ুথ গ্রুপ নামে দুটি কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে সকালে বিক্ষোভ শুরু করে। তাদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে বলেও তিনি জানান । প্রত্যক্ষদর্শীরা জানান, শেওড়াপাড়ার দু’টি গার্মেন্টসে শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে কারখানায় এসেই বিক্ষোভ শুরু করেন। বেতন-ভাতা বৃদ্ধি, টিফিনের বকেয়া পরিশোধ ও পাঁচবছর শেষে বেসিক ভাতা প্রদান করার দাবি জানান তারা। কিন্তু কর্তৃপক্ষ এসব দাবি মানতে অস্বীকৃতি জানালে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কারখানার সামনের রাস্তা অবরোধ করেন। বিষয়টি আঁচ করতে পেরে পাশের আকিক গার্মেন্টসের শ্রমিকরাও রাস্তায় নেমে এসে একটি ভবনে ভাঙচুর চালান। এ সময় ফার্মগেট-মিরপুর সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। টানা দুই ঘন্টা ওই রুটে কোন যান চলাচল করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী পোশাক শ্রমিক জানান, তারা অনেকদিন ধরেই এসব দাবির কথা বলে আসছিলেন। কিন্তু মালিক পক্ষ তাদের দাবি মেনে নিচ্ছে না। বাধ্য হয়ে গতকাল সকালে তারা বিক্ষোভ শুরু করলে কারখানা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা আরো ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে পুলিশ বিষয়টি স্বীকার করেনি। কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, শ্রমিকরা সরে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে বেলা সাড়ে ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে একই সময় কারখানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কলাবাগানের বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা মিরপুর রোডে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কের দুই দিকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করি। কারখানা মালিক মো. শহীদুল্লাহ লিখিত দিয়েছেন যে তিনি আগামী ডিসেম্বর পর্যন্ত কারখানা সরাবেন না। মালিকের আশ্বাসে দুপুর দেড়টার দিকে শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বসুন্ধরা গার্মেন্টস ভবনের চতুর্থ তলায় মালিকের কক্ষে শ্রমিকদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে ধানমন্ডি ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার গাজী রবিউল ইসলাম ও ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনসহ পুলিশ কর্মকর্তারা বৈঠক করেন।