কানাডা থেকে ফিরে মুখ খুলছে না দুদক

আপডেট : ২৭ মে ২০১৩, ২২:৫২
পদ্মাসেতু দুর্নীতি মামলার তদন্তে কানাডা থেকে কী তথ্য যোগাড় করা সম্ভব হয়েছে সে ব্যপারে মুখ খুলছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বিকালে দুদক টিমের কানাডা সফরের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দুদক চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, আনিসুল হক দেশে আসলে সব জানা যাবে। এদিকে কানাডা সরকারের সহায়তা ব্যতিত মামলার তদন্তে তেমন অগ্রগতি না হওয়ায় ইতিমধ্যেই তদন্তদল অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করেছে। তবে কানাডা থেকে পদ্মাসেতু দুর্নীতির বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে দাবি করে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহে আরও কিছু তথ্য পাওয়া যাবে এরপর এসব তথ্যের আলোকে মামলা পরবর্তী তদন্তশেষে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কমিশনে পেশ করা হবে। পদ্মাসেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলার গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত কানাডা সরকারের কাছে রয়েছে। কানাডা সরকারের সহায়তা পেতে গত ১৯ মে রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক মীর্জা জাহিদুল আলম এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুল হক কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ইতিমধ্যে টিমের এক সদস্য তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক মীর্জা জাহিদুল আলম দেশে এসেছেন। সেখানে অবস্থান করছেন দুদকের আইন উপদেষ্টা। তিনি আরও কয়েকদিন সেখানে থেকে মামলার প্রমাণাদি সংগ্রহের চেষ্টা চালাবেন। কাজশেষে আগামী বৃহস্পতিবার আনিসুল হক দেশে ফিরবেন বলে জানা গেছে। সূত্র জানায়, এসএনসি লাভালিন কর্মকর্তা রমেশ সাহার ঘুষের তালিকাসম্বলিত ডায়েরির অনুলিপি সংগ্রহ এবং ওই প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদই সফরের প্রধান উদ্দেশ্য। তবে কানাডা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন আশ্বাস বা প্রতিশ্রুতি দেয়া হয়েছে কি-না সে ব্যাপারে দুদক থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। দুদক চেয়ারম্যান বলেছেন, ‘তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে কাউকেই কোন প্রকার ছাড় দেবে না কমিশন।’ দুদকের পদস্থ এক কর্মকর্তা বলেন, “পদ্মাসেতু প্রকল্পে কানাডিয়ান প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে পরামর্শক হিসেবে নিয়োগ পাইয়ে দিতে লাভালিন কর্মকর্তা রমেশের ডায়েরির ঘুষের তালিকা সংগ্রহ করা ছিল টিমের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে। পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গত ১৭ ডিসেম্বর সাতজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করে দুদক। ওই মামলার সাত আসামি হলেন, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজ আহমেদ জাবের, ইপিসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, কানাডীয় প্রকৌশলী প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের ভাইস- প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস-প্রেসিডেন্ট রমেশ সাহা এবং সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল।