সংলাপের কথা বলে সরকার ধূম্রজাল সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার (অব.) আ.স.ম হান্নান শাহ। সরকারের উদ্দেশে তিনি বলেছেন, প্রকৃত সংলাপ চাইলে সম্পাদক মাহমুদুর রহমান ও বিরোধী দলীয় রাজনীতিকদের মুক্তি দিন। সংলাপের পরিবেশ সৃষ্টি করুন। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ফ্রি থিংকার্স ফোরাম’ (টিএফটি) আয়োজিত ‘গণতন্ত্র: গণমাধ্যম ও একজন মাহমুদুর রহমান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দায় আলীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, যুবদলের সহ-সভাপতি ফারুক আহমেদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
‘বিএনপির জনসমর্থন নেই’ আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের জবাবে হান্নান শাহ বলেন, বিএনপির জনসমর্থন আছে কিনা তা প্রমাণ করতে চাইলে নির্বাচন কমিশনের অধীনে গণভোট দিন। জরিপ করুন, জনগণ কি চায়- তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, দেশের তথাকথিত যুব সমাজ ধর্মের বিরুদ্ধে উস্কানি ছড়িয়েছিল। এসব সত্য তথ্য উদঘাটন করার জন্যই সরকার ‘আমার দেশ’ বন্ধ করে এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছে। দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ করেছে। শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে উল্লেখ করে হান্নান শাহ বিরোধীদলকে দমন করার জন্য সরকার পুলিশকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন।
বিএনপি-জামায়াত সমর্থক সাংবাদিকদের অবস্থান কর্মসূচি
মত প্রকাশের স্বাধীনতার ওপর সরকার নগ্ন হস্তক্ষেপ করছে অভিযোগ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, গণমাধ্যম বন্ধ করে কিছু অনুগত মিডিয়া দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। গণমাধ্যম বন্ধ করে ক্ষমতা স্থায়ী করার নজির পৃথিবীর ইতিহাসে নেই। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান ও যমুনা টিভি চালু এবং মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ এসব বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ যৌথভাবে গত ২০ মে থেকে লাগাতার এই কর্মসূচি পালন করে আসছে।
রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ.কে.এম মহসিন প্রমুখ।
