নারায়ণগঞ্জের বহুল আলোচিত ‘ফোর মার্ডার’ মামলার আসামি শামীম রেজাকে সোনারগাঁও থানা হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগ শামীমের ময়না তদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠিয়েছে। ময়না তদন্তকারী চিকিত্সক শামীমকে হত্যা করাহয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন। প্রতিবেদনে বলা হয়, শামীমের দেহে অসংখ্য প্রহারের চিহ্ন পাওয়া গেছে। গত বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে শামীমের ময়না তদন্ত সম্পন্ন হয়। এদিকে নির্যাতনের ঘটনায় শামীমের পরিবার যাতে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা না করে সেজন্য তাদেরকে হয়রানি ও হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১৪ এপ্রিল সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী শামীমা আক্তার সুমা, রফিকুলের শ্যালক রানা এবং দুই গৃহকর্মীকে হত্যার ঘটনায় শামীমকে সোনারগাঁও থানা পুলিশ গ্রেফতার করে। শামীমকে রিমান্ডে এনে থানা এলাকায় ওসির বাস ভবনে ও থানার ভেতরে নির্যাতন চালানো হয়। পুলিশ তার কাছ থেকে ‘ফোর মার্ডারে’ জড়িত থাকার স্বীকারোক্তি আদায় করেছে। ২২ এপ্রিল শামীমকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
শামীমের স্ত্রী সাবিকুন নাহার তুলি স্বামীকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে পুলিশের দাবিকৃত আড়াই লাখ টাকা উেকাচ দিয়েছেন থানার কর্মকর্তাদের। উেকাচ দিয়েও স্বামীকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারেননি। শামীমকে থানা হেফাজতে নির্যাতনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিও তদন্তে শামীমকে নির্যাতনের প্রমাণ পেয়েছে। এর প্রেক্ষিতে সোনারগাঁও সার্কেলের এএসপি উত্তম প্রসাদ পাঠককে অন্যত্র বদলি এবং সোনারগাঁও থানার ওসি (তদন্ত) অরূপ তরফতারকে ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পল্টু ঘোষকে প্রত্যাহার করা হয়। তবে ওই থানার ওসি আতিকুর রহমান এখনও বহাল তবিয়তে রয়েছেন। ওসি আতিকুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে গতকাল সোনারগাঁওয়ে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম গতকাল ইত্তেফাককে বলেন, এখনও পর্যন্ত শামীমের ময়না তদন্ত প্রতিবেদন তিনি পাননি। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
