এবারের ৬৬তম কান চলচ্চিত্র উত্সবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাম ডি’অর জয় করেছে ‘লা ভি দ্য দেল- চ্যাপ্টার ১ ও ২’। চলচ্চিত্রটির ইংরেজি নাম ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’। রবিবার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের ২০টি চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা থেকে ফরাসি পরিচালক আবদেলেতিফ কিশচিশের এই ছবিটিই বেছে নেন বিচারকরা। সমকামী প্রেমের ছবি ‘লা ভি দ্য দেল’-এ ১০ মিনিট ধরে দুই তরুণীর অন্তরঙ্গ প্রেমের একটি দৃশ্য নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন বিচারকরা। তবে স্টিফেন স্পিলবার্গ নেতৃত্বাধীন বিচারকমণ্ডলী শেষ পর্যন্ত আবদেলেতিফ কিশচিশের পক্ষেই রায় দেন। খবর রয়টার্সের।
রবিবার যখন প্যারিসের রাস্তায় সমকামী বিয়ে আইনের বিরুদ্ধে লাখো মানুষ বিক্ষোভ করেছে, ঠিক তখনই সমকামী প্রেমের একটি চলচ্চিত্রের কান উত্সবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হওয়ার বিষয়টিকে সময়োপযোগী বলে মনে করেন উত্সব পরিচালক থিয়েরি ফ্রেমাউক্স।
আবদেলেতিফ কিশচিশে তিউনিশিয়ায় জন্মগ্রহণকারী একজন অভিনেতা। পরিচালক হিসাবে তার অভিষেক হয় ২০০০ সালে। এ পুরস্কার ফরাসি তরুণ এবং তিউনিশিয়ার আরববসন্তের সূচনাকারী তরুণদের উত্সর্গ করেন তিনি।
মেক্সিকোর আমেত এসকালানতে ‘হেলি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জয় করেন। যুক্তরাষ্ট্রের ৭৬ বছর বয়সী ব্রুস ডের্ন ‘নেবরাস্কা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা এবং ফরাসি অভিনেত্রী বিজিনিস বিজু ইরানি চলচ্চিত্র লু পাসে (দ্য পাস্ট) অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জয় করেন।
