বেনাপোলের প্যানেল মেয়র তুহিন তিন মাস ধরে নিখোঁজ!

আপডেট : ২৭ মে ২০১৩, ২২:৫৬
যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র তারিকুল আলম তুহিন (৪০) নিখোঁজ হওয়ার প্রায় তিন মাস পার হলেও গতকাল পর্যন্ত তার সন্ধান মেলেনি। তুহিনের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন তার বৃদ্ধ মা-বাবা, স্ত্রী-পুত্রসহ পরিবারের অন্য সদস্যরা। চলতি বছরের ৭ মার্চ শার্শার সংসদ সদস্য আফিল উদ্দিনের ঢাকার ন্যাম ফ্লাটের বাসা থেকে বের হয়ে তুহিন আর ফিরে আসেননি। নিখোঁজের পাঁচদিন পর গত ১২ মার্চ ঢাকার শেরেবাংলানগর থানায় তুহিনের চাচাতো ভাই সুমন বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহাজান আলী জানান, নিখোঁজ হওয়ার পর থেকে তুহিনের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার ফোনের কললিস্টে দেখা গেছে, সর্বশেষ তিনি কথা বলেন তার বড় ভাই শাহিন ও এমপি আফিল উদ্দিনের সঙ্গে। এছাড়া আরো যাদের সঙ্গে কথা বলেছিলেন তারা সবাই তার দলের নেতাকর্মী। এ কারণে মামলার তদন্তে অগ্রগতি হচ্ছে না। তবে পুলিশ সবরকম চেষ্টা অব্যাহত রেখেছে। এলাকাবাসী জানান, দলীয় কোন্দলই তুহিন নিখোঁজ হওয়ার মূল কারণ। তাকে ফিরে পেতে শার্শার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে। তুহিনকে খুঁজে পেতে প্রশাসনকে তেমন কোন ফলপ্রসূ অভিযান চালাতে দেখা যাচ্ছে না বলে তার পরিরারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তুহিনের বড় ভাই বেনাপোল কলেজের প্রভাষক শাহিন আলম জানান, আমার ভাই তুহিনের সঙ্গে বিরোধী দলের কারো দ্বন্দ্ব ছিল না। একজন এমপি’র বাসা থেকে কিভাবে সে নিখোঁজ হলো আমরা তা বুঝতে পারছি না। তুহিনকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চলছে বলে জানিয়েছেন এমপি আফিল উদ্দিন ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান। নিখোঁজ তুহিন বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের ডা. ইউসুফ আলমের পুত্র। সে নিখোঁজ হওয়ার এক মাস পর তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। তুহিন বাড়িতে ফিরে নিজে সন্তানের নাম রাখবেন - এই আশায় এখনো নবজাতকের নাম রাখা হয়নি।