রাজশাহীর পুঠিয়ায় ছিনতাই হওয়া পুলিশ কর্মকর্তার গুলিভর্তি পিস্তল ৪০ ঘণ্টা পর পরিত্যক্ত অবস্থায় স্থানীয় মুশা খাঁ নদ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে অস্ত্রটি উদ্ধারের সময় পিস্তল থেকে গুলি বেরিয়ে উপ-পরিদর্শক (এসআই) তরুণ কুমার ও কনস্টেবল বাবুল আহত হয়েছেন। তাদেরকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কনস্টেবল বাবুলকে (কং-২৯০) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, গোপন খবরের ভিত্তিতে ছিনতাই হওয়া পিস্তল উদ্ধারে বেলা সাড়ে ১১টার দিকে মুশা খাঁ নদের ধারে যান। সোর্সের দেয়া তথ্যানুযায়ী গুলিভর্তি পিস্তলটি মুশা খাঁ নদের পানির নিচ থেকে উদ্ধারের পর ম্যাগাজিন আলাদা করতে গেলে পিস্তল থেকে গুলি বেরিয়ে যায়। এতে এসআই তরুণ কুমার ও কনস্টেবল বাবুল আহত হন। শনিবার সন্ধ্যায় মোটর শ্রমিকদের হামলায় পুলিশের এসআই তরুণ কুমার ও এএসআই সাইফুল ইসলাম আহত হন। বিক্ষুব্ধ মোটর শ্রমিকরা এসআই তরুণ কুমারের নিকট থেকে গুলিভর্তি পিস্তল ছিনিয়ে নেয় বলে পুলিশ দাবি করে।
