সামপ্রদায়িক উস্কানি ও মানহানির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ এ আদেশ দেন।
গত ১৩ মে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও জাহাঙ্গীর হোসাইন এর আদালতে আত্মসমর্পণ করলে এ মামলায় তিনি দুই সপ্তাহের জামিন পান। গত রবিবার ওই জামিনের মেয়াদ শেষ হলে তিনি এ আদালতে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন না মঞ্জুর করেন। সামপ্রদায়িক উস্কানি দেয়ার অভিযোগে গত ৭ মে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাস ঢাকা সিএমএম আদালতে এ মামলা করেন। ওইদিনই আনোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
উল্লেখ্য, গত ৫ মে হেফাজত ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি শেষে শাপলা চত্বরে সমাবেশ চলাকালে বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু ধর্মীয় গ্রন্থ ভস্মীভূত হয়। এ নিয়ে দেবাশীষকে জড়িয়ে এম কে আনোয়ারের ৬ মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে মানহানির এ মামলাটি দায়ের করা হয়।
