রুবাইয়া তাসনিম। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি থেকে পাস করেছেন। চাকরি করেন একটি সরকারি ব্যাংকে। তবে অবসর পেলেই ছুটে আসেন প্রাণের ক্যাম্পাসে। প্রিয় জায়গাগুলোতে ঘোরেন আপন মনে। দেখেন নতুনদের দখলে যাওয়া আড্ডার স্পটগুলো! নতুন মুখের ছড়াছড়ি চারদিকে। শুধু রুবাইয়া তাসনিম নয়। ভালোবাসার টানে পুরানো ক্যাম্পাসে ছুটে যান অনেকেই। নিজের ক্যাম্পাসের প্রতি টান থাকে না এমন মানুষ সম্ভবত খুঁজে পাওয়া যাবে না। যদিও নিজের ক্যাম্পাস কখনও পুরানো হয় না।
ক্যাম্পাস নিয়ে বলতে গিয়ে আকিদুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের কথা উঠলেই মন খারাপ হয়ে যায়। বন্ধুদের খুব মনে পড়ে। ভালো কিছু বন্ধু ছিলো আমার। এখনও সময় পেলে ক্যাম্পাসে আমরা সব বন্ধুরা মিলিত হই। গল্পে গল্পে কেটে যায় পুরো দিন।’
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি থেকে পাস করেছেন জাহান সুমি। দুই বছর আগে ক্যাম্পাসকে বিদায় জানিয়েছেন। তবে এখনও ক্যাম্পাসের মায়া কাটাতে পারেননি। সময় পেলেই চলে যান স্মৃতি বিজড়িত পুরানো ক্যাম্পাসে। আড্ডা আর গানে গানে পার করেন সময়। এক আকাশ ভালোবাসার সুরে তিনি বলেন, ‘ক্যাম্পাসের এমন কোন জায়গা নেই যেখানে আমার পা পড়েনি। ক্যাম্পাস আমাকে ভীষণ টানে। ক্যাম্পাসের জন্য শুভ কামনা।’
একই বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন মনির হোসেন। ক্যাম্পাস ছেড়েছেন বছর খানেক হলো। পুরানো ক্যাম্পাস নিয়ে তিনি বলেন, ‘ভাইরে ক্যাম্পাস বড় আবেগের জায়গা। মাঝে মাঝে ইচ্ছা করে ক্যাম্পাসে গিয়ে চুটিয়ে আড্ডা দিতে। তবে ইচ্ছা থাকলেও সময়ের অভাবে ক্যাম্পাসে যাওয়া হয় না।’
জাহিদ হোসেন ও সাইদুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে আসলেই আমাদের মন ভালো হয়ে যায়। ক্যাম্পাস আমাদের কাছে মন ভালো করার ট্যাবলেট বলতে পারেন!’ একথা বলেই দু’জন আবার হাসতে লাগলেন।
ক্যাম্পাস নিয়ে সেলিম হোসেন বলেন, ‘আজ মনের দুয়ারে উঁকি দেয় সেই ক্যাম্পাস-জীবনের অসংখ্য ঘটনা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থাকবে অথচ আড্ডা হবে না এটা ভাবাই যায় না। যে ক্যাম্পাসে আড্ডা নেই সেটি আসলে কোন ক্যাম্পাসই না।’
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি মনি এবং রত্না বলেন, ‘মনের যাবতীয় সুখ কিংবা দুঃখ একে অপরের সঙ্গে ভাগাভাগি করে মনকে হালকা করার এক অনন্য মাধ্যম এ আড্ডা। আড্ডা বিনোদনের এক চমত্কার মাধ্যম। বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেয়ার একটা অনুশীলন হয় আড্ডার মাধ্যমে।’
একই বিশ্ববিদ্যায়ের ছাত্র তপু রায়হান বলেন, ‘আড্ডার আলোচনা বেশিরভাগই হয় ক্যারিয়ার গঠনভিত্তিক। তবে সব সময় রাজনৈতিক, অর্থনৈতিক, সাহিত্য, সংস্কৃতিসহ গঠনমূলক আলোচনা হয়। আবার অনেক সময় হাস্যরসের আড্ডাও হয়। আড্ডার মাধ্যমে জানাশোনার পরিধিকে অনেক বেশি প্রসারিত করা যায়।’
