উদ্যো গ

দুই চাকায় দেশ দেখা!

আপডেট : ২৮ মে ২০১৩, ১৮:১১
মেহেরপুর সরকারি কলেজের ছাত্র নূর ইসলাম ও মনিরুল ইসলাম। বাংলা বিভাগে তৃতীয় বর্ষে পড়ছেন তারা। মেহেরপুরকে দেশের সর্বপ্রথম রাজধানী হিসেবে ঘোষণার দাবি নিয়ে দেশের ৬৪ জেলা বাইসাইকেলে ভ্রমণে বেড়িয়েছেন এই দুই শিক্ষার্থী। ‘সাফল্যের কোনো সংজ্ঞা নেই, না বলার শব্দ নেই’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে গত ১২ মে মেহেরপুর থেকে যাত্রা শুরু করেন তারা। নূর ইসলাম ও মনিরুল ইসলাম জানান, বাংলাদেশের স্বাধীনতার বিজয় অর্জনে অন্যতম ইতিহাস মুজিবনগর। নবাব আমলের আমঝুপি নীলকুঠি, বাংলার স্বাধীনতার উদয়-অস্ত হূদয়ে ধারণ করে দাঁড়িয়ে আছে মুজিবনগর, জগন্নাথবাবুর মন্দির। সর্বোপরি স্বাধীনতা অর্জনে মেহেরপুর জেলার ভূমিকা অনস্বীকার্য। এই মেহেরপুরকে দেশের সর্বপ্রথম রাজধানী ঘোষণার দাবিতেই আমাদের বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ। দুই শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, মেহেরপুরের গৌরবগাঁথা ইতিহাস সারাদেশের মানুষকে জানান দিতেই আমাদের এই উদ্যোগ। আগামী তিন মাসের মধ্যে ৬৪ জেলা ভ্রমণ শেষ করবো আমরা। নূর ইসলাম ও মনিরুল ইসলাম তাদের এই ভ্রমণ উপলক্ষে তৈরি করেছেন একটি লিফলেট। সেখানে তারা উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যে বীজ বপন করেছিলেন, মেহেরপুরের ঐতিহাসিক বৈদ্যনাথতলা আমবাগানে মুজিবনগর সরকার গঠন ছিল তার চারাবীজ। এই ভ্রমণকারীদের দাবি, নানা ঐতিহ্যের জন্যই মেহেরপুরকে দেশের সর্বপ্রথম রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হোক।