অভ্র’র ইউনিকর্ণ

আপডেট : ২৮ মে ২০১৩, ১৮:১৪
ছোট একটা শব্দে অভ্রর ঘুম ভেঙে গেলো। তখন রাত গভীর। পুরোপুরি জেগে গেলো অভ্র। ওর শোবার ঘরটা নীলাভ আলোয় আলোকিত। অভ্র খাটের নিচে তাকাতে যাবে তখন নিচ থেকে ঘন ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বের হয়ে আসতে থাকলো। ধোঁয়াটায়ও মনোরম সুগন্ধ। অভ্র বুক ভরে নিঃশ্বাস নিয়ে চোখ বুঁজলো। তাকিয়ে দেখে ওর সামনে একটা ধবধবে শাদা ইউনিকর্ন দাঁড়িয়ে আছে। অভ্র মনে মনে ইউনিকর্নটা মাপলো। ওর উচ্চতা তিন ফুট হলে ইউনিকর্নটার উচ্চতা আড়াই ফুট হবে। শাদা ছোট্ট লেজটা ধীরে ধীরে নাড়াচ্ছে ইউনিকর্নটা। মাথার মাঝখানের শাদা শিং এর সূচের মতো অগ্রভাগ থেকে নিলাভ আলোরচ্ছটা বের হচ্ছে। অদ্ভুদ সুন্দর জন্তুটাকে নিজ কক্ষে দেখে অভ্রর ভয় লাগছে না মোটেই। সে এক অমোঘ আকর্ষণ অনুভব করছে। ইউনিকর্নটার দিকে তাকিয়ে দেখে ও মেঝেতে নামলো। ইউনিকর্নটার কাছে গেলো। প্রথমে ওর পিঠে হাত রাখলো। ইউনিকর্নটার পিঠটা নরম এবং কবোষ্ণ। অভ্রর শরীরটা সামান্য শিহরিত হলো। ইউনিকর্নটা শিং দিয়ে ওকে গুঁতো দেবার ভঙ্গি করলো। অভ্র দূরে সরে যেতে চাইলে ইউনিকর্নটা কথা বলে উঠলো। ভয় পেয়ো না অভ্র। আমার শিংটা খুব নরম। আমি কাউকে আঘাত করতে পারি না। অভ্র চমকে উঠে জিজ্ঞেস করলো, তুমি কথা বলতে পারো? কী আশ্চর্য! ইউনিকর্নটি বললো, আশ্চর্য হচ্ছো কেনো? তুমি কথা বলতে পারলে আমি পারবো না কেনো? পৃথিবীর সকল প্রাণী কথা বলতে পারে; উদ্ভিদ কথা বলতে পারে। তুমি বুঝতে পারো না। আমার যাদুর কারণে তুমি আমার কথা বুঝতে পারছো। অভ্র বললো, তা হতে পারে। কিন্তু তুমি আমার কাছে এলে কেনো। আমি ঘুমাচ্ছিলাম। রাতে আমার ভালো ঘুম না হলে পরদিন স্কুলে গিয়ে ক্লাসে ঝিমুনি আসবে। তখন টিচার সাজা দেবেন। ইউনিকর্ন বললো, তাহলে তুমি ঘুমাও। আমি গেলাম। অভ্র দ্রুত ইউনিকর্নকে আঁকড়ে ধরে বললো, না না! তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না! ইউনিকর্ন কৃত্রিম নিরস কণ্ঠে বললো, তাহলে তোমার ঘুম? আগামীকাল ক্লাসে ঝিমুলে টিচারের পানিসমেন্ট! তাহলে কী করা যায় বলো তো ইয়ং ইউনিকর্ন? ইউনিকর্ন বললো, আমি কি কিছু একটা করবো? অভ্র কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কী করবে তুমি? আমি তোমাকে দুইটা বানিয়ে ফেলতে পারি। অভ্র বিস্মিত কণ্ঠে বললো, কী বলছো তুমি! তারপর কী হবে? ইউনিকর্ন শাদা শিংটা একবার নাড়িয়ে বললো, একটা তুমি বিছানায় আরামে ঘুমাবে, আরেকটা তুমি স্বপ্নের দেশে ঘুরে বেড়াবে। কী পছন্দ হয়? অভ্র অত্যন্ত খুশি হয়ে বললো, খুব পছন্দ হয়। কিন্তু আমার দুইটা বানাবে কিভাবে তুমি? ইউনিকর্ন অভ্রর ডান হাতটা একবার চেটে দিয়ে বললো, আমার কিছু শক্তি আছে, যা যাদুর মতো। অভ্র বললো, তাহলে এবার বলো আমার দুইটা বানাবে কিভাবে? ইউনিকর্ন বললো, তুমি এখানে ঘুমিয়ে থাকবে। আর তোমার অবচেতন অস্তিত্ব আমার সাথে ঘুরে বেড়াবে। অভ্র বললো, আমি রাজি। তুমি তোমার যাদু চালাও ইয়ং ইউনিকর্ন। ইউনিকর্ন বললো, তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। বাকিটা আমি করছি। অভ্র ইউনিকর্নকে একবার দেখে বিছানায় উঠলো। আস্তে আস্তে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লো। ধীরে ধীরে চোখ বুঁজলো। ইয়ং ইউনিকর্ন একটু নড়ে অভ্রর নাক বরাবর দাঁড়ালো। ইউনিকর্নের শাদা শিং এর সূচাগ্র থেকে হালকা নীল রশ্মি বের হলো। রশ্মিটা একটু এঁকেবেঁকে এগিয়ে গেলো অভ্রর দিকে। নীল রশ্মিটা অভ্রর নাকের ডান ছিদ্রের ভেতর দিয়ে ঢুকে বাম ছিদ্র দিয়ে বের হচ্ছে। রশ্মিটা নাকের বাম ছিদ্র দিয়ে বের হয়ে দুই ভাগ হয়ে গেলো। দুটো রশ্মির অভ্রর দুই চোখে ঢুকতে থাকলো। এক সময় রশ্মি দুটো অভ্রর দুই চোখে ঢুকে শেষ হয়ে গেলো। তখন অভ্রর শরীর মৃদু একটা ঝাকি দিলো। অভ্রর শরীরের একটা অবয়ব বিছানায় উঠে বসলো। সরাসরি নেমে এলো মেঝেতে। এক লাফে ইয়ং ইউনিকর্নের পিঠে চড়ে বসে বললো, এবার চলো ইয়ং ইউনিকর্ন। ইউনিকর্ন সামান্য নড়ে উঠলো। ওর পিঠের দুই দিকে দুটো অদৃশ্য পাখা গজালো। ইউনিকর্ন একটা চক্কর দিতেই অভ্রর শয়নকক্ষটা অদৃশ্য হয়ে বিশাল আকাশ হয়ে গেলো। আকাশে সূর্য চাঁদ ছাড়াও অসংখ্য গ্রহ-নক্ষত্র। অভ্র অত্যন্ত মুগ্ধ। সে একের পর এক গ্রহ-নক্ষত্র দেখছে। ইয়ং ইউনিকর্ন উড়ে গেলো উপরে। ইউনিকর্ন উপরে উঠছে তো উঠছেই। গ্রহ-নক্ষত্ররাজির মাঝে ভেসে থেকে ইউনিকর্ন অভ্রকে জিজ্ঞেস করলো, তুমি কোন গ্রহ বা নক্ষত্রে নামতে চাও? অভ্র বিষণ্ন কণ্ঠে বললো, আব্বু বলেন, মানুষ মরে গেলে আকাশে তারা হয়ে ভাসতে থাকে। আমার আম্মু আমাকে খুব ছোট রেখে মরে গেছেন। আমি আম্মু-তারার কাছে যেতে চাই। তুমি আমাকে ঐ তারার কাছে নিয়ে যেতে পারো ইয়ং ইউনিকর্ন? ইউনিকর্ন বললো, খুব পারি। অভ্র বললো, তাহলে আমাকে ওখানেই নিয়ে চলো। আমি মার সাথে কথা বলবো। মার আদর নেবো। মার আদর কেমন আমি তা ভুলেই গিয়েছি। ইয়ং ইউনিকর্ন সেদিকে চলছে। অদৃশ্য পাখার ঝাপটা দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। অভ্র ইউনিকর্নকে জিজ্ঞেস করলো, তোমার কি মা আছে ইয়ং ইউনিকর্ন? ইউনিকর্ন বললো, আছে। আমার মা আমাকে খুব আদর করে। আমার মা-ই আমাকে তোমার কাছে পাঠিয়েছে। অভ্র অবাক কণ্ঠে বললো, তাই! তোমার মা কি আমাকে দেখতে পান? ইউনিকর্ন বললো, হু। অভ্র বললো, আমি তোমার মার কাছেও যেতে চাই। আচ্ছা তোমার মাকে আমি কী বলে ডাকবো? ইউনিকর্ন বললো, আমাকে তুমি কী বলে ডাকছো? অভ্র বললো, ইয়ং ইউনিকর্ন। ইউনিকর্ন বললো, তাহলে মাকে ওল্ড ইউনিকর্ন ডাকলেই চলবে। অভ্র বললো, তাই হবে। ইউনিকর্ন বললো, আমরা তোমার মার খুব কাছাকাছি চলে এসেছি। তুমি কি তোমার মাকে চিনতে পারবে অভ্র? অভ্র খুশি হয়ে বললো, অবশ্যই চিনতে পারবো। আমি দৈনিক মার ফটো দেখি এলবামে। আমার মা খুব সুন্দর! ইউনিকর্ন বিজ্ঞের মতো করে বললো, সব মা-ই সুন্দর। আর ভালো। না হলে মা হবে কেনো! যারা সুন্দর না ও ভালো না, তারা মা না-ডাইনি! ইউনিকর্ন একটা শাদা বাড়ির মতো কাঠামোর ভেতর ঢুকলো। আস্তে আস্তে হেঁটে একটা অচেনা গাছের নিচে গিয়ে দাঁড়ালো। গাছটার রং শাদা এবং অজস্র ফুল ফুটে আছে; ফুলগুলোও শাদা। আশ্চর্য রকমের সুন্দর লাগছে ফুলগুলোকে। অভ্র মুগ্ধ চোখে ফুলগুলোর দিকে তাকিয়ে রইলো। ইউনিকর্ন ফিসফিস করে বললো, তোমার মা অভ্র! অভ্র চমকে ইউনিকর্নের দিকে তাকিয়ে বললো, কোথায়? ইউনিকর্ন বললো, ঐ দেখো গাছটার গোড়ায় শাদা কাপড় পরে বসে আছেন। অভ্র বললো, তাহলে আমি যাই। অভ্র ইউনিকর্নের পিঠ থেকে নেমে পায়ে পায়ে সেদিকে এগিয়ে চললো। নিঃশব্দেই হাঁটছে সে। মা’র কাছাকাছি যেতেই একটা চমত্কার সুবাস ও পেতে থাকলো। কী মোহনীয় গন্ধ! সে চোখ বুঁজে একবার লম্বা নিঃশ্বাস নিয়ে গন্ধ নিলো। মনে মনে বললো, মা’র গায়ের গন্ধ এমনই সুন্দর হয়! না এদিকে না তাকিয়ে বললেন, তুমি আমার সামনে এসো অভ্র। আমি কতদিন তোমাকে দেখি না! অভ্র ছুটে মার কোলে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। মা অভ্রকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি কাঁদছো কেনো বাপ আমার। অভ্র কান্নাজড়িত কণ্ঠে বললেন, তুমি আমাকে ছেড়ে চলে এলে কেনো? আমার বুঝি কষ্ট লাগে না। তোমার জন্য আমার খুব কষ্ট হয় মা। মা বললেন, মহান আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। একদিন সবাইকে এভাবে পৃথিবী ছেড়ে চলে আসতে হবে। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু তোমার বাবা তো আছেন। তোমার বাবা তোমাকে খুব আদর করেন। আদর করেন না? অভ্র বললো, বাবা আমাকে খুব আদর করেন। কিন্তু বাবার আদর তো আর মার আদরের মতো না। আমার বন্ধুদের মায়েরা ওদের কত্তো আদর করে। আমার তখন খুব কান্না পায়। তখন মা অভ্রকে বুকে আরো একটু জোরে আঁকড়ে ধরে কেঁদে ফেললেন।