ও হাওয়া ও হাওয়া
‘ও হাওয়া ও হাওয়া’ প্রখ্যাত শিশু-সাহিত্যিক আখতার হুসেনের লেখা একখানি কিশোর কবিতার বই। আখতার হুসেন আমাদের শিশু-সাহিত্যের ভুবনে একজন সুপরিচিত লেখক। তিনি দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের জন্য ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধসহ নানা ধরনের বিষয় নিয়ে লেখেন। তাঁর শিশুতোষ সৃষ্টি সম্ভার ছোট-বড় সবার কাছে সমাদৃত। ইতোমধ্যেই তিনি শিশু-সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন।
‘ও হাওয়া ও হাওয়া’ বইটি ছাড়াও তাঁর অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। ‘ও হাওয়া ও হাওয়া’ মূলত একটি কবিতা দিয়ে বইটির শুরু এবং শেষ। সহজ সরল বর্ণনা ও মিষ্টিমধুর ছন্দে রচিত এ কবিতাটির রচনা-শৈলী অত্যন্ত চমত্কার। শব্দ চয়নও শ্রুতিমধুর। যার কুসুম কোমল পাঠ অনুভূতি খুব সহজেই শিশু-কিশোরদের হূদয় স্পর্শ করতে পারে। আখতার হুসেনের ‘ও হাওয়া ও হাওয়া’ কিশোর কবিতাটির কিছু অংশ এরকম:
ও হাওয়া ও হাওয়া তুমি আমার মতন নাকি
ভর দুপুরে না ঘুমিয়ে দাও কি মাকে ফাঁকি?
ঘরের থেকে বেরিয়ে চুপে মাতাও নিথর পাড়া
তোমার চলাচলেই জাগে চৌদিকে ধুম সাড়া।
শান্ত পুকুর তার সে জলে তোলে প্রবল ঢেউ
কোথা দিয়ে কী করে যাও, পায় না তো খোঁজ কেউ।
বইটি প্রকাশিত হয়েছে ঢাকার পুরানা পল্টনস্থ ছায়াবিথী থেকে। উন্নতমানের কাগজে মুদ্রিত বইটির মূল্য পঞ্চাশ টাকা।
মিলন সব্যসাচী
