শিউলি ঝরে বকুল ঝরে টাপুর টুপুর টুপ
শিশুকালের দিনগুলি আজ মনে পড়ে খুব।
মায়ের বকা আদর স্নেহ ঘুমপাড়ানি গান
ভায়ের সঙ্গে আড়ি-ভাবের মধুর অভিমান।
বুবুর আদর ভালোবাসায় লক্ষী মেয়ে হয়ে
অসুখ বিসুখ দু:খ কষ্ট সব নিয়েছি সয়ে।
শীতের দিনে দাদীর হাতে রসের পিঠা খেয়ে
দেখতে দেখতে বড় হলাম সেই ছোট্ট মেয়ে।
বাবার কাছে পড়তে শিখি রবির সহজ পাঠ
রাজার ছেলে পেরিয়ে গেল তেপান্তরের মাঠ।
দুয়োরাণীর দু:খে ভরা গল্পগুলো পড়ে
রাজকন্যার জন্যে দু’চোখ উঠতো জলে ভরে।
দীঘির পাড়ে মাছরাঙাটার ঝাপুর ঝুপুর ডুব
শিশুকালের দিনগুলি আজ মনে পড়ে খুব।
খেলার সাথী সঙ্গীরা সব পাইনা তাদের দেখা
হাসাহাসি গল্প খেলা গান গাইতে শেখা।
তেঁতুল টক পাকা বরই আম ভর্তায় ঝাল
ভীষণ মজা মধুর রসে উঠতো ভরে গাল।
ঝড়ের দিনে আম কুড়িয়ে পথ হারিয়ে যাই
জোনাক জ্বলা রাতের আলো কোথাও দেখি নাই।
শরত্ এলে কাশের বনে লুকোচুরির খেলা
পাখির বাসা খুঁজতে গিয়ে কাটতো দুপুর বেলা।
বৃষ্টি হলে হারিয়ে ছাতা ভিজতে ভেজতে ফেরা
সেইতো আমার মধুর স্মৃতি সবার চেয়ে সেরা।
জোত্স্না ঝরা গাছের পাতায় সবুজ সবুজ রুপ
শিশুকালের দিনগুলি আজ মনে পড়ে খুব।
