ছবির নাম ‘এই তো ভালোবাসা’। অনেকদিন ধরে এই ছবির গল্প শোনা যাচ্ছিল। প্রায় তিন বছর আগে এর অডিও অ্যালবাম বের হয়ে দু-একটি গান হিট হয়ে কিছু গান শ্রোতারা ভুলতেও শুরু করেছিল এরই মধ্যে। আলোচনা-সমালোচনার জায়গাও তৈরি হয়েছিল যে তরুণ পরিচালক শাহীন কবির টুটুল ছবিটি আদৌ শেষ করতে পারবেন কি না। সে যাই হোক, ছবিটি মুক্তি দিয়ে একরকম চিত্রপরিচালক হিসেবে প্রথম সাফল্য ঘরে তুলেছেন তিনি। সফলতা বলতে এই যে, অগত্যা তিনি ছবিটি মুক্তি দিতে পেরেছেন। নামের সাথে মিল খুঁজলে নিরেট প্রেমের ছবি মনে হবে। হলের সিটে বসে মুক্তির চতুর্থ দিনে অর্ধেক ফাঁকা প্রজেকশন রুমের দর্শকদেরও সেরকম অভিমত মনে হলো। তবু বাংলাদেশি চলচ্চিত্রের প্রতি আশাবাদী হয়ে হলের এই দর্শক সংখ্যাকে আমি অর্ধেক ফাঁকা না বলে, বলতে চাই ‘অর্ধেক ভর্তি’ সিনেমা হল। তারা তো গাঁটের পয়সা খরচ করে ছবিটি দেখতে এসেছেন। ছবি শুরু। শুরুর কয়েকটি সিক্যুয়েন্সে তিন তারকা ইমন, নিরব আর কমেডি অভিনেতা সিদ্দিকের পরিচয়। নেম টাইটেলে জানা গেল ছবির সংলাপ লিখেছেন সিদ্দিক নিজেই। ইমন, নিরব আর সিদ্দিক এই তিন বন্ধু অচেনা ঢাকা শহরে নিজেদের স্বপ্নের খোঁজে এসেছে। তিন যুবকই একসাথে শঠতার পথ বেছে নেয়। যেন অন্যকোনো উপায়ই তাদের ছিল না! নানান রকম অকর্ম করার ফন্দি আঁটে তারা। এক পর্যায়ে টু-লেট দেখে এক বাসায় গিয়ে বাড়িওয়ালিকে ‘মা’ ‘মা’ বলে ডাকতেই সেই বাড়িতে বিনা খরচে থাকা খাওয়ার বন্দোবস্ত পেয়ে যায় তারা! ততক্ষণে বিভিন্ন সিক্যুয়েন্সে মানুষকে হাসানোর চেষ্টা চলছিল—যার সবই অবাস্তব। যাই হোক, সিনেমা দেখতে এসে বাস্তবতার নিরীক্ষা করতে নাই। সেও আবার কমেডিনির্ভর ছবিতে। তাই চুপ গেলাম আমি। বাস্তবতাকে সিনেমা হলের ওয়েটিং রুমে রেখে এসে আবার দেখা শুরু করলাম ছবিটি। নামকরণ ‘প্রেমের’ দেখেছিলাম আর এখন মনে হচ্ছে কমেডি ছবি দেখতে শুরু করেছি। আর চিত্রায়ণ বা চিত্রগ্রাহককে ধন্যবাদ না জানালে অত্যুক্তি হয়ে যাবে। কারণ এত ফিক্সড ফ্রেমের চলচ্চিত্র বাংলাদেশে এটাই বোধ করি প্রথম। ইদানীংকালের বড় বাজেটের নাটকেও এর চেয়ে ভালো ক্যামেরার মুন্সিয়ানা দেখানো হয়। তারপরও প্রশ্ন উঠতে পারে সাধারণ দর্শকের কাছে ফিক্সড আর চলন্ত ফ্রেমের ব্যাখ্যা দিয়ে কী হবে? ভালো গল্প হলেই তো হয়ে যায়। কিন্তু গল্প? সেও তো এই ছবির জন্য মস্ত এক প্রশ্ন! ছবির এক ঘণ্টা কেটে গেলেও গল্প খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে উপস্থাপক খন্দকার ইসমাইল বা নকুল কুমার বিশ্বাস যে সমস্ত ভাড়ামিপূর্ণ ম্যাগাজিন অনুষ্ঠান করেন, তাদের জন্য এই ছবিটি বেশ উপাদেয় হবে। কারণ ছবির যেকোনো জায়গা থেকে চোখ বুজে দৃশ্য কাটলে একটি করে তাদের মানের ম্যাগাজিন স্কিড পেয়ে যাবেন তারা। এটুকু নির্দ্বিধায় বলা যায়। সেই সব বিচ্ছিন্ন স্কিড দেখে কিছু দর্শক হেসেছেনও বটে। তা অবশ্যই পরিচালকের ইষত্ সাফল্য বৈকি! এর পরপরই হঠাত্ মনে হলো যেন ছবির নামকরণের সাথে একটা যোগসূত্র করা দরকার। এই ভেবেই তিন যুবক তার বাড়িওয়ালার মেয়ের সাথে প্রেমের নানান কিসিমের কাহিনী শুরু করে। বলাই বাহুল্য, এইসব সিক্যুয়েন্স আর সিদ্দিকের অতি দুর্বল ডায়লগ না কোনো সুড়সুড়ি দিতে পেরেছে না কোথাও আবেগতাড়িত করেছে। তবে একটি হিসেব খুব সুন্দর করে সাজিয়েছেন সংলাপ রচয়িতা কাম ভাঁড় অভিনেতা ও তরুণ পরিচালক টুটুল। তা হলো, একেবারে দাঁড়িপাল্লায় মেপে তিন অভিনেতার সিক্যুয়েন্স সমান ভাগে ভাগ করে বুঝিয়ে দিতে পেরেছেন। কিন্তু ছবির ডায়লগ সমান থাকলেই যে সমান ভাগ করে দেওয়া হয় না, আর এই ভাগাভাগিতে যে বিরক্ত হয়ে দর্শক সিনেমা হল থেকে উঠে যেতে পারে, সেই হিসেবটা বোধ করি মনে ছিল না তাদের। তাই বেশ ক’জন দর্শকের ত্যক্ত বিরক্ত প্রস্থান দেখতে হলো। আবারও বলা ভালো আমরা দেখছি কমেডি প্রেমের মুভি ‘এই তো ভালোবাসা’। অন্তত ছবির ক্যাটাগরি নির্ণয় করতে হলে এটাই বলা যথার্থ। আর অভিনয় শৈলীর দিক দিয়ে মূল নায়িকা নিপুণের প্রতিটি ডায়লগ মনে হচ্ছিল যেন বেসুরো আবৃত্তি। এতগুলো কমার্শিয়াল ছবিতে অভিনয় করেও নিপুণের এক্সপ্রেশন আর অভিনয়ের এই হাল দেখে আহতই হতে হয়। সিদ্দিক তার স্বভাবসুলভ অশুদ্ধ বাংলা উচ্চারণে আর নানান উদ্ভট এক্সপ্রেশনেই ছবিটি পার করে দিয়েছেন তার নাটকগুলোর মতোই। নিরব তার আগের থেকে অনেকটাই ইমপ্রুভ করেছেন বলে মনে হলো। সাবলীল ছিল ইমনের অভিনয়। তবে প্রশংসা করতেই হয় গানগুলোর। যা অনেক আগেই দর্শক-শ্রোতাদের কানে পৌঁছেছে। বেশ কিছু ভালো গানের মিউজিক ভিডিও দেখছি এটা ভেবে দেখলে চোখ দুটো বেশ প্রশস্তি পায়। আর গানের ক্ষেত্রেও সেই সমবণ্টন সমাজতান্ত্রিক মনোভাব পরিচালকের। প্রথম গানটি কোরাস, মাঝে তিনটি তিনজনের সলো সাথে নিপুণ শেষেরটিও কোরাস। তিনজনই সমান পারিশ্রমিকের ছিল কিনা প্রশ্নটি হঠাত্ উদয় হলো। তবে জাহিদ আকবরের লেখা ‘ফাঁদপাতা এই শহরটা যেন নষ্ট এক ফুলদানি’ শিরোনামের অসাধারণ কথার এই গানটি আরও কিছুটা প্রশস্তি দিয়েছে। আর এই গানটি যখন দৃশ্যমান... ততক্ষণে আবার কমেডি-প্রেমের ছবিটি মোড় নিয়েছে প্রচলিত বাংলা ছবির অ্যাকশন ধারায়। অর্থাত্ হঠাত্ উদয় হওয়া ভিলেন মিজু আহমেদের সেই একই গোছের ডায়লগ আর সেই একই টাইপের ফাইটিং। হঠাত্ যেন মনে হয়েছে ছবির শেষ সিক্যুয়েন্সে খানিকটা সেই সনাতনী মারপিট না দেখালে তা যেন কমার্শিয়াল ছবি হয় না। তাই দেখে পেছনের কয়েক দর্শক বিরক্তির চূড়ান্ত কিছু ডায়লগ দিল হলে বসেই। শেষে বের হয়ে যেতে যেতে কয়েকজন বলছেন ‘এর চেয়ে আমাগো শাকিব খানের ছবিই তো ভালো’। তার এই কম্প্লিমেন্টে বেশ কয়েকটি তাত্পর্য আছে। তা হলো ওই দর্শক মূলত আমাদের নিয়মিত চলচ্চিত্র দর্শক। শাকিবের একঘেঁয়ে গল্পের প্রতি কিছুটা বিরক্ত হয়েই হয়তো তার স্বাদ পাল্টানোর চেষ্টায় এই ছবিটি দেখতে এসেছিলেন তিনি। কিন্তু এখানে তিনি তার চাইতেও বিরক্ত হয়ে ফিরে গেলেন! তরুণ নির্মাতাদের প্রতি আমাদের প্রত্যাশা হয়তো বাড়াবাড়ি পর্যায়ের বেশি, নইলে টুটুলের প্রথম এই চলচ্চিত্র নিয়ে এতটা সমালোচনার জন্য এত কথা খরচ করব কেন? তবে একটি কথা বলতেই হয় তাদের এই গলাবাজির প্রতি আশ্বস্ত থেকেই হয়তো লগ্নিকারীরা ছবিতে টাকা লগ্নি করছেন। আর আমরা টকশোতে যখন ‘সবকিছু বদলে দেবো’ এই রকম গলাবাজি শুনি তাদের কণ্ঠে অতঃপর এই দুর্বল ডায়লগ আর গল্পের ছবি গিলতে হয় , তখন বলতে ইচ্ছে হয়, ‘প্লিজ আর যাই করুন আমাদের সিনেমা হলে নিজের টাকা খরচ করে দেখতে আসা যে কয়েক হাজার বা কয়েক লাখ দর্শক আছে, তাদের ভেতরে অন্তত বিরক্তি আনবেন না। নইলে তরুণ নির্মাতাদের ছবির প্রতিও হতাশ হতে হতে দর্শকেরাও একসময়ে সোচ্চার হয়ে বলা শুরু করবে এর চেয়ে বাইরের ছবি চলুক! কারণ বর্তমান চলচ্চিত্র বাজারে আপনারাই শেষ ভরসা!’
প্রশস্তি
ছবির অসাধারণ কয়েকটি গান
বিরক্তি
অসম্ভব দুর্বল গল্প, সংলাপ ও চিত্রগ্রহণ
