এসএমই ঋণের বেশিরভাগ যাচ্ছে ব্যবসা খাতে

আপডেট : ২৮ মে ২০১৩, ২০:২৭
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ১৯ হাজার ৩৫২ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। আর গতবছরের একই সময়ে এ খাতে বিতরণ হয়েছিল ১৪ হাজার ২৮১ কোটি টাকা। অর্থাত্ এক বছরের ব্যবধানে ঋণ বিতরণের পরিমাণ পাঁচ হাজার ৭১ কোটি টাকা বেড়েছে। এসময়ে বরাবরের মতো সবচেয়ে কম ঋণ বিতরণ হয়েছে সেবা খাতে। আর সবচেয়ে বেশি ঋণ বিতরণ হয়েছে ব্যবসা খাতে। বিনিয়োগের মাধ্যমে শিল্প বা ম্যানুফেকচারিং খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়, তাই এ খাতে ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উত্সাহিত করা হয়। তবে বিদ্যুত্, গ্যাস সংযোগের অভাব, রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা খাতে যেখাবে বিতরণ বাড়ছে, শিল্প খাতে সেভাবে বাড়ছে না। প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছর জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত সময়ে এসএমই খাতে ১৯ হাজার ৩৫২ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। যা পুরো বছরের ঋণ বিতরণ পরিকল্পনার ২৬ শতাংশ। এরমধ্যে ব্যবসা খাতে বিতরণ হয়েছে ১৩ হাজার ৭ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় যা চার হাজার ৭৯ কোটি টাকা বা ৪৫ দশমিক ৬৯ শতাংশ বেশি। শিল্পখাতে গেছে পাঁচ হাজার ৩২৮ কোটি টাকা যা ১৭ দশমিক ৭৩ শতাংশ বেশি। আর সেবা খাতে বিতরণ হয়েছে মাত্র এক হাজার ১৭ কোটি টাকা, একই সময়ের তুলনায় যা ২২ দশমিক ৯৮ শতাংশ বেশি। আলোচ্য সময়ে বিতরণ করা ঋণের মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হয়েছে নয় হাজার ৬৯৩ কোটি টাকা যা মোট ঋণের ৫০ দশমিক শূন্য নয় শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ এক হাজার ৯৩৪ কোটি টাকা বা ২৪ দশমিক ৯৩ শতাংশ বেশি। আর নারী উদ্যোক্তারা পেয়েছেন ৬০৩ কোটি টাকার ঋণ। এছাড়া এসময়ে ১৫ হাজার ৭০ জন নতুন উদ্যোক্তাকে ৩ হাজার ২২৩ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহা-ব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এ বিষয়ে বলেন, এসএমই ঋণের গুণগত মান উন্নয়নে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এখাতের ঋণ যাতে প্রকৃত উদ্যোক্তারা পান সে বিষয়েও বাংলাদেশ ব্যাংক সচেতন রয়েছে। এসব বিষয় নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক একক ও সম্মিলিতভাবে বৈঠক করছে বলেও জানান তিনি।