বর্তমানে দেশে নির্বাচনকালীন সরকার কেমন হবে, কে হবে নির্বাচনকালীন সরকার প্রধান আর কে লাভবান হবেন, কে হবেন না তা নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। নির্বাচন প্রশ্নে বেশিরভাগ সরকারের শেষ বছরে জটিলতা সৃষ্টি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অতি সাধারণ নিয়মে পরিণত হয়েছে। গণতন্ত্র বিকাশে এমন রাজনৈতিক সংস্কৃতি সাধারণ নাগরিকদের কাছে কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনকালীন সরকার প্রশ্নে সরকারের সঙ্গে বিরোধী দলের যে টানাপড়েন সৃষ্টি হয়েছে, তা শেষ পর্যন্ত কী পরিণতি লাভ করবে, সে নিয়ে সংশয় কাটছে না। কারণ রাজনৈতিক নেতৃত্ব ভিন্ন ভিন্ন কথায় বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি করেছে। রাজনৈতিক দলগুলো কোনো সিদ্ধান্তেই স্থির থাকতে পারছে না। খোদ প্রধানমন্ত্রী একবার যে কোনো জায়গায়, যে কোনো ইস্যুতে আলোচনা হতে পারে— এমন কথা বলে এখন সংবিধান নির্ধারিত উপায়েই নির্বাচন হবে বলে মত প্রকাশ করছেন। আবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, সে বিষয়েও আলোচনা হতে পারে। আবার প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এ কথার বিপরীতে বলেছেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীই হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এ ধরনের পরস্পর সঙ্গতিহীন কথাবার্তায় সরকারের অবস্থান পরিষ্কার হচ্ছে না। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বের কথাবার্তা এবং তাদের কর্মসূচিতেও অসঙ্গতি লক্ষ করা যাচ্ছে যথেষ্ট। তারা একদিকে সংলাপ আয়োজনের আহ্বান জানাচ্ছে, অন্যদিকে ডাকছে হরতাল। রাজনৈতিক পর্যবেক্ষক মহল এটাকে স্ববিরোধিতাই মনে করছে। অর্থাত্ বিষয়টি পরিষ্কার যে, চলমান রাজনীতি কোনো স্বচ্ছ, নিয়মতান্ত্রিক পথ ধরে এগোচ্ছে না। অনির্দিষ্ট এবং অনিশ্চিত পথেই চলছে রাজনীতি। বাংলাদেশে নির্বাচনকালীন সরকার প্রশ্নে রাজনৈতিক অনিশ্চয়তার ইতিহাস নতুন নয়। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে, এটি আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের জন্যই প্রায় সমভাবে দুর্বলতার পরিবেশ তৈরি করেছে বিভিন্ন সময়ে।
বাংলাদেশে রাজনৈতিকব্যবস্থার সংকট সমাধানেই তত্ত্বাবধায়ক সরকারের উদ্ভব হয়েছিল এবং বর্তমানে পুনরায় এ ব্যবস্থা প্রবর্তনের দাবি নিয়ে রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। বাংলাদেশে দীর্ঘ ১৫ বছরের (১৯৭৫-১৯৯০) সামরিক শাসনের অবসানের পর সংসদীয় গণতন্ত্রের প্রেক্ষাপট তৈরি হলে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান হয়। কারণ সামরিক শাসনের অধীনে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলো প্রকৃত অর্থে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন না হওয়াতে নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের মধ্যে বড় ধরনের অনাস্থার জায়গা তৈরি হয়। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর জাতির আশা-আকাঙ্ক্ষার ফলস্বরূপ নিরপেক্ষ নির্বাচনের তাগিদে নির্দলীয় অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরিত হয়। সামরিক শাসনের সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ব্যাপক ভোট কারচুপির অভিজ্ঞতাই গণতন্ত্রের জন্য সৃষ্ট আন্দোলনের দাবি হিসেবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিবেচনায় আসে।
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে স্বাধীনতার পর প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের অধীন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার জাতির হাল ধরে। এভাবে জনগণের ভোটাধিকার পুনর্বহাল হয় এবং দেশে পুনরায় গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রা শুরু হয়। ১৯৯১ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদে সকলের নিরঙ্কুশ সমর্থনে এক ঐতিহাসিক পদক্ষেপে সংবিধানের দ্বাদশতম সংশোধনী গৃহীত হবার মধ্য দিয়ে দেশে সংসদীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন ঘটে। বিএনপি ক্ষমতাগ্রহণের তিন বছরের মধ্যেই আওয়ামী লীগের নেতৃত্বে জাতীয় সংসদে বিরোধী দলগুলো ভবিষ্যতে জাতীয় নির্বাচনগুলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের স্থায়ী বিধান সংবিধানে সংযোজনের দাবি জানানো হয়। এই দাবি ঘনীভূত করার প্রেক্ষাপটে সরকার ও বিরোধী দলের মধ্যে এক উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। পঞ্চম সংসদের বিরোধী দলীয় সদস্যদের একযোগে পদত্যাগ, ষষ্ঠ সংসদ নির্বাচনে শুধু ৫ম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল কর্তৃক অংশগ্রহণ এবং সংবিধানে ত্রয়োদশ সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার বিল পাস বৃহত্ রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্বকে দীর্ঘায়িত করে। পরাজিত প্রধান প্রতিপক্ষ কর্তৃক নির্বাচনের ফলাফল মেনে নিতে অনীহাজনিত প্রবণতা প্রতিটি নির্বাচনেই লক্ষ করা গেছে। ১৯৯১ থেকে পরবর্তী দু’দশকের বেশি সময়ে এদেশে অনুষ্ঠিত প্রধান চারটি নির্বাচনে অর্থাত্ ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে মূলত বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে এবং বাস্তবিক পক্ষে দ্বিদলীয় ব্যবস্থার নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। সেই থেকে বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, তারা দেশে সুষ্ঠু ভূমিকা পালনকারী দলব্যবস্থা বা রাজনীতির প্রাতিষ্ঠানিকীকরণে প্রয়োজনীয় ও যথাযথ ভূমিকা পালন করতে পারেনি এবং নির্বাচন প্রশ্নে একে অপরের ওপর আস্থা সৃষ্টি করতে পারেনি।
বিশেষজ্ঞগণ মনে করেন, বাংলাদেশে পর পর তিনটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক যাত্রাকে সুসংহত করে। নির্বাচিত সরকারের পরিবর্তে অনির্বাচিত ও অন্তর্বর্তী প্রকৃতির সরকারের অধীন নির্বাচন ঐকমত্যের জায়গা তৈরি করলেও বিগত ফখরুদ্দিন-মইনউদ্দিনের তত্ত্ববধায়ক সরকারের আমলে গণতান্ত্রিক যাত্রা বাধাপ্রাপ্ত হয়। উল্লেখ করা যেতে পারে যে, ১৯৯১ সালের নির্বাচনের পর তত্কালীন সরকারি দল বিএনপি ও প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল তার যথাযথ সম্মান এ দল দুটো দিতে পারছে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দলের উদাসীনতাও রাজনীতির মাঠে ব্যত্যয় ঘটিয়েছে।
১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচন সাংবিধানিক পন্থায় গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষ ২০০৬ সালে তৃতীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে দেখা দেয় নানা নাটকীয়তা। বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য বিচারপতিদের বয়স হঠাত্ দুই বছর বাড়ানো হয়— এই অভিযোগ করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোনোক্রমেই বিচারপতি হাসানকে প্রধান উপদেষ্টা মেনে নিতে রাজি হয়নি। ফলে মহাজোট গঠন করে শুরু করে আন্দোলন-সংগ্রাম। পরবর্তী সময়ে সামরিক সমর্থনে ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার দুই বছর রাষ্ট্র পরিচালনা করেছে। এ সময়েই সংস্কারের নামে দেশে বিরাজনীতিকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। বহু রাজনীতিক-ব্যবসায়ীকে কারারুদ্ধ করা হয়। দেশের বড় বড় রাজনৈতিক দলের প্রধানদের কারাগারে বন্দি করে গণতান্ত্রিকব্যবস্থার ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটানো হয়। অনেককে দেশ ছাড়তে বাধ্য করা হয়। বহু অধ্যাদেশ জারির মতো নীতিনির্ধারণী কাজকর্মও করা হয়। অনেক সাংবিধানিক প্রতিষ্ঠানেও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য রদবদল করা হয়। এভাবেই বিতর্কিত হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান সরকার ক্ষমতায় এসে এ পদ্ধতিটিকে বাতিল করে দিয়ে গণতান্ত্রিক সরকারের অধীনেই নির্বাচনের বিধান বলবত্ করেন। কিন্তু তৈরি হয় নতুন সংকট। বর্তমানে গোটা জাতি নির্বাচনকালীন সরকার প্রশ্নে সরকারি দল ও বিরোধী দলের সমঝোতার দিকে তাকিয়ে আছে। তারা কখন সুষ্ঠু আলোচনার মাধ্যমে সুনিশ্চিত নির্বাচনী যাত্রায় পা রাখবে সে অপেক্ষা সবারই।
কেননা, যে কোনো রাজনৈতিকব্যবস্থায় জনপ্রতিনিধিরা জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে যথাযথভাবে নির্বাচিত না হলে ওই প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রীয় প্রশাসনিক কর্মকাণ্ড ফলপ্রসূ হতে পারে না। আর নির্বাচনই যদি প্রশ্নবোধক হয় তাহলে নির্বাচিত প্রতিনিধিদের কর্তৃত্বই প্রশ্নবোধক হয়ে দাঁড়াবে। এমনকি সরকারি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তা দুর্বলতার প্রকাশ ঘটাবে। এক্ষেত্রে সরকার সত্যিকার ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতাসীন হলে বলিষ্ঠ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণসহ যে কোনো কর্মকাণ্ডে গঠনমূলক কাজে ভূমিকা রাখতে পারবে যা হবে গণতান্ত্রিক। নির্বাচন যদি সুন্দর ও অবাধ হয় এবং জনগণ যদি অবৈধ প্রভাব বা উসকানির শিকার না হয়ে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচন কমিশন যদি রাজনৈতিক কর্তৃত্বের আজ্ঞাবাহী না হয়ে স্বাধীনভাবে নির্বাচনী প্রশাসনযন্ত্র নিয়ন্ত্রণ করে নির্বাচন পরিচালনা করতে পারে তাহলে গণতান্ত্রিক যাত্রায় তা মাইলফলক হিসেবে বিবেচিত হবে। কাজেই নির্বাচনের অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতকরণে সরকারি দল ও বিরোধী দলকে কার্যকর অর্থে আন্তরিকতা দেখাতে হবে। তাহলেই দেশে যে অনিশ্চয়তা ও সংকটের ধুম্রজাল সৃষ্টি হয়েছে তা থেকে মুক্ত হয়ে একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
