গাজীপুরের কলমেশ্বরে হাজার হাজার মানুষ পানিবন্দি

আপডেট : ২৮ মে ২০১৩, ২১:০১
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের বোর্ডবাজার এলাকার কলমেশ্বর দক্ষিশ ও পশ্চিমপাড়া এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত কয়েকদিনের ভারী বর্ষণে এলাকার শত শত ঘরবাড়ি ও রাস্তাঘাট কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে। এছাড়া পার্শ্ববর্তী কুনিয়া এলাকায়ও বৃষ্টির পানি জমে এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আহাম্মদ আলী জানান, দুর্ভোগে পড়া মানুষের জন্য স্থানীয় ইকোম্যাক্স সোয়েটার কারখানার অব্যবহূত ৩, ৪ ও ৫ম তলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অধিক ক্ষতিগ্রস্ত এমন ৫ শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। গত তিনদিনে আশ্রয় কেন্দ্রে তিনি ৫শ কেজি চিড়া, দুইশ কেজি গুড় দিয়েছেন। তাছাড়া রান্না করে দুই বেলা খাবার দিচ্ছেন।