কলারোয়ায় দুই চাষীকে গাঁজা গাছসহ আটক করার পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সরসকাঠি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই লিয়াকত আলী জয়নগর গ্রামের গাঁজা চাষী প্রদীপ মজুমদার ও একই গ্রামের নিরঞ্জন ঘোষকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নিরঞ্জন ঘোষের পটল ক্ষেতের মধ্যে থেকে ৬টি বড় আকৃতির গাঁজা গাছ উদ্ধার করে।
প্রতাক্ষদর্শীরা জানান, এস আই লিয়াকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উদ্ধার করা গাঁজা গাছসহ গ্রেফতারকৃতদের থানায় নিয়ে যাওয়ার চেষ্টাকালে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা তাদের ছাড়িয়ে নিতে আসেন। পরে অনেক দর কষাকাষির পর ৮০ হাজার টাকা ঘুষ নিয়ে তাদের ছেড়ে দিয়ে উদ্ধার করা গাঁজা নিয়ে যান।
