রূপগঞ্জে জলাবদ্ধতা দূরিকরণে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৮ মে ২০১৩, ২১:০৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর এলাকার জলাবদ্ধতা দূরীকরণে গত সোমবার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট হয়ে যাওয়া খাল পুন.সংস্কারের কাজ শুরু করেছে তারাব পৌরসভা। তারাবো পৌর মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব জাকির হোসেন প্রমুখ। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশন খালগুলো ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তারাবো পৌরসভার বরপা, মাসাবো, আড়িয়াবো, তেতলাবো, পবনকুল, দিঘীবরাবো, কামালনগর, বরাবো এলাকার দেড় লক্ষাধিক মানুষ জলাবদ্ধতার মধ্যে জীবন যাপন করছে। সামান্য বৃষ্টি হলেই এখানকার লোকজন চরম দুর্ভোগে পড়েন। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে তারাব পৌর মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী ভেকো দিয়ে ভরাট হয়ে যাওয়া ড্রেন ও ক্যানেল সংস্কার শুরু করেন। তারাবো পৌর মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচনী ওয়াদা রক্ষা করতে এবং জনগণের দুর্ভোগ লাঘবে ড্রেনেজ, ক্যানেল ও খাল সংস্কারের কাজ শুরু করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।