শ্যামনগরে বাঁধ ভেঙ্গে ভেসে গেছে চিংড়ি ঘের

আপডেট : ২৮ মে ২০১৩, ২১:০৪
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ পল্লী গোলাখালীতে বেড়িবাঁধ ভেঙ্গে একাধিক চিংড়ি ঘের ও বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার দুপুরে স্বাভাবিক জোয়ারের চাইতে আড়াই ফুট পানি বৃদ্ধি পাওয়ায় মাথা ভাঙ্গা নদী সংলগ্ন গোলাখালী পল্লীর বেড়িবাঁধ ৪-৫ জায়গায় ভেঙ্গে যায়। এসময় প্রায় ৩ ঘন্টারও অধিক সময় ধরে প্রবল স্রোতে এসব ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে। এতে প্রায় ৭০ হেক্টর পরিমাণ চিংড়ি ঘের ভেসে যায়। চিংড়ী খামার মালিক রফিকুল ইসলাম, আব্দুল কাদের, কিরণ মণ্ডলসহ ক্ষতিগ্রস্ত আরো অনেকে জানায়, অন্যান্য দিনের তুলনায় দুপুরে প্রায় আড়াই ফুট পানি বৃদ্ধি পাওয়ায় হঠাত্ করেই ভাঙ্গন সৃষ্টি হয়। অল্পসময়ের মধ্যে এসব চিংড়ী ঘের তলিয়ে যায়। এ পল্লীতে ১৮০টি পরিবারের প্রায় ৫ শতাধিক বনজীবী বসবাস করে। এরা সকলেই বেড়িবাঁধ ভাঙ্গন আতঙ্কে জীবন যাপন করছে।