আগুনে পুড়লো না.গঞ্জের হোঁসিয়ারী ও সুতার মার্কেট

আপডেট : ২৮ মে ২০১৩, ২১:০৬
নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় মঙ্গলবার ভোরে ডায়মন্ড সিনেমা হলের পেছনে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে হোসিয়ারী, সুতা ও গার্মেন্টস মালামালের অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে ৫ জন আহত হয়েছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ, ডেমরা ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পৌনে ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের তত্পরতায় আগুন অন্যত্র ছড়ায়নি। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ডায়মন্ড সিনেমা হলের পেছনে রেলওয়ের মালিকানাধীন জায়গা লিজ নিয়ে বেশ কয়েকটি মার্কেট গড়ে উঠেছে যেখানে কয়েকশ’ দোকান রয়েছে। আধাপাকা স্থাপনা ও টিন দিয়ে তৈরি এসব মার্কেট দুই থেকে তিন তলা বিশিষ্ট। এর মধ্যে শেরে বাংলা মার্কেটে রয়েছে অন্তত অর্ধশতাধিক দোকান। এসব দোকানে সাধারণত খুচরা সুতা, হোসিয়ারী, গার্মেন্টসের মালামাল (এক্সেসরিস) বিক্রি করা হতো। আসন্ন রমজান উপলক্ষে প্রত্যেকটি দোকানে প্রচুর পরিমাণে মালামাল মজুদ ছিল। ভোর ৫টায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে প্রথমে আমরা আগুন যাতে অন্য দোকানে ছড়িয়ে না পড়ে সে চেষ্টা করি। পরে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া, হাজীগঞ্জ, ডেমরা ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিভাতে গিয়ে ৫জন আহত হয়েছে। তবে দোকানে রাতে ঘুমানো কোন লোকজনের হতাহতের ঘটনা ঘটেনি। সকাল পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।