কাস্টম হাউজের নিলাম ৩০ মে

বেনাপোলে নিলাম হবে শত কোটি টাকার গাড়ি

আপডেট : ২৮ মে ২০১৩, ২১:০৬
বেনাপোল কাস্টম হাউজ আগামীকাল ৩০ মে শত-কোটি টাকা মূল্যের আমদানীকৃত ৫৩৪টি গাড়ি নিলামে বিক্রি করবে। এ নিলাম থেকে সরকারের রাজস্ব আয় হবে ২০ কোটি টাকা। শুরু হয়েছে সিডিউল বিক্রি। বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু জানান, বিভিন্ন কোম্পানির গাড়ির চ্যাসিস, থ্রি হুইলার, মারুতি ও পিকআপসহ ৫৩৪টি মোটর গাড়ি রয়েছে। আমদানীকৃত এসব পণ্য ৩০দিনের মধ্যে কাস্টম থেকে খালাস নেয়ার কথা থাকলেও দীর্ঘ দুই বছর ধরে খালাস না নেয়ার কারণে আমদানীকৃত এসব পণ্য নিলামে উঠানো হয়েছে। তাছাড়া বেনাপোল বন্দর অভ্যন্তরের কয়েকটি সেড দখল করে রাখার ফলে গত ১৮মে বেনাপোল বন্দর অডিটোরিয়ামে নৌ বন্দর ও পরিবহন মন্ত্রী শাহজাহান খান বৈঠক করেন। বৈঠকে বন্দরে পড়ে থাকা এসব গাাড়ি সরানোর নির্দেশ দিলে কাস্টম কর্তৃপক্ষ এ নিলামের ঘোষণা দেন। বেনাপোল বন্দরের পরিচালক তোফাজ্জেল হোসেন জানান, দীর্ঘদিন এসব গাড়ি ছাড় না হওয়ার কারণে বন্দর সেডে জায়গা দখল করে আছে। যার ফলে আমদানীকৃত পণ্য সেডে রাখা যাচ্ছে না।