সিটি নির্বাচনে নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডেই বিএনপি সমর্থিত একাধিক প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি’র গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী সদ্য বিদায়ী ৩ প্যানেল মেয়র ছাড়াও অধিকাংশ ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহানগর ছাত্রদলের আহবায়ক আবুল হাসান লিমন ২১নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্যানেল মেয়র ও বিএনপি’র প্রভাবশালী নেতা আলতাফ মাহমুদ সিকদার। দীর্ঘদিন যাবত্ বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত আলতাফ মাহমুদ সিকদার এ পর্যন্ত ৩ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এবার নিজ দলের নতুন মুখের প্রার্থী ছাত্রদল নেতা লিমন নেমেছেন তার মোকাবেলায়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মীর জাহিদুল কবির ১৮নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘদিন যাবত্ তিনি ঐ ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন। এবার তার প্রতিদ্বন্দ্বী মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদুল হক। ৯নং ওয়ার্ড থেকে বিএনপি নেতা সৈয়দ জামাল হোসেন নোমান ও কোতয়ালী যুবদলের সভাপতি হারুন অর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিগত নির্বাচনে নোমানের কাছে হারুন পরাজিত হন। এর আগের নির্বাচনেও নোমান ঐ ওয়ার্ড থেকে কমিশনার নির্বাচিত হয়েছিলেন। ২২নং ওয়ার্ড থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আ.ন.ম সাইফুল আহসান আজিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত নির্বাচনে তিনি ঐ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। তার আগের নির্বাচনে ২১নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আলতাফ মাহমুদ সিকদারের সাথে পরাজিত হন।
২৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জিয়াউদ্দিন শিকদার এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। তার আগের নির্বাচনে ঐ ওয়ার্ড থেকে তিনি কমিশনার নির্বাচিত হয়েছিলেন। তার শ্বশুর ফিরোজ আহমেদ ২৪নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ঐ ওয়ার্ড বিএনপি’র সভাপতি। পাশাপাশি দুই ওয়ার্ডের দুই সভাপতি জামাই-শ্বশুর পৃথক দু’টি ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আমিনুল ইসলাম আমিন ঐ ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার আমলে আমিন ঐ ওয়ার্ডের কমিশনার ছিলেন। ১৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কামরুল হাসান রতন প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নিজের ওয়ার্ড থেকে। ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুল হাসান মামুন, ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বি.এম সাইদুল হক (হিরু), ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি কেএম শহীদুল্লাহ স্ব-স্ব ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে কেএম শহীদুল্লাহ স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়কের পদে রয়েছেন। দীর্ঘদিন কাউন্সিলরের দায়িত্ব পালনের পাশাপাশি গত ৫ বছর প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন তিনি।
৭নং ওয়ার্ড থেকে বিএনপি নেতা সৈয়দ আকবর প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার ঐ ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন। ১১নং ওয়ার্ড থেকে জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আয়শা তৌহিদা লুনা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিপূর্বে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়ে প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন।
