সজলের এভারেস্ট জয় শুধু কান্নাই দিল শৈলীকে

আপডেট : ২৮ মে ২০১৩, ২২:৪৭
কথা ছিল সজলের এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ হলে সবার আগে স্ত্রী তাহমিনা খান শৈলী চলে যাবেন কাঠমন্ু্ভ্রতে। এভারেস্ট থেকে ফিরে আসার আগে থেকেই তিনি স্বামীর জন্য সেখানে অপেক্ষা করবেন। সজল কত রকম করে তার ছবিগুলোর ক্যামেরা বন্দী করার মুহূর্ত বর্ণনা করতেন শৈলীর কাছে। টেলিফোনে শুনে শুনেই রোমাঞ্চিত হতেন তিনি। গতকাল মঙ্গলবার সেই সামিট হল ঠিকই। সজলের এভারেস্ট জয়ের ছবিগুলো শৈলীর হাতেও এসেছে। শুধু নেই সজল। স্বামীর ব্যাগ আর ছবি হাতে পেয়ে শৈলী কোনভাবেই নিজেকে ধরে রাখতে পারলেন না। নেপালে অবস্থানরত সজলের বন্ধু রিয়াজ আহমেদ জানান, নেপালে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ছবিগুলো হস্তান্তর করা হয়। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেও মৃত্যুর কাছে হার মানেন সজল গত ২০ মে। ছবিগুলো হিমালয়ান গাইডের পক্ষ থেকে পেম্বা দর্জি শেরপা তোলেন। তিনি এ অভিযানে সজলের গাইডের দায়িত্বে ছিলেন। গতকাল নেপালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব খান মোহাম্মদ মঈনুল হোসেন টেলিফোনে ইত্তেফাককে জানান, সজল খালেদের যেসব জিনিস তারা পেয়েছেন তার সবই আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। সজলের মৃতদেহ উদ্ধারের জন্য গত শুক্রবার থেকে অভিযান শুরু করেছে সেভেন সামিট ট্রেকস লিমিটেড। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ অভিযানের সব খরচ বহন করা হয়। তবে বৈরী আবহাওয়ার জন্য উদ্ধার অভিযান গত সোমবার স্থগিত করা হয়।