অস্বাভাবিক জোয়ার ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালী, পিরোজপুর, ভোলা ও ঝালকাঠির কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তীব্র পানির স্রোতে কোথাও কোথাও ভেঙ্গে গেছে বেড়িবাঁধ। শতাধিক গ্রাম তলিয়ে গেছে পানিতে। ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের। ভেসে গেছে পুকুরের ও ঘেরের মাছ। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ভোলা (দক্ষিণ): ঘূর্ণিঝড় মহাসেনের পর গতকাল পর্যন্ত ভোলার মোট ৩০টি গ্রাম জোয়ারের পানিতে ডুবে গেছে। প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। ভোলার ৩৫০ কিলোমিটার বেড়িবাঁধের অন্তত ৬০ কিলোমিটার এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলা শহর রক্ষা বাঁধ জোয়ারের পানির আঘাতে হুমকির সম্মুখীন। এই এলাকার ধনিয়া, ইলিশা ও কাচিয়ার উজানে ৫ কিলোমিটার বাঁধ না থাকায় গত দু’দিনে পূর্ণিমার জোয়ারে ভোলা শহরতলীর কাচিয়া এলাকার কয়েকটি গ্রামে জোয়ারের পানি ঢুকে শত শত লোক দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া তজুমুদ্দিনের দড়ি চাঁদপুর গ্রাম, পাটওয়ারী কান্দি ও কেয়ামুল্যাহ এলাকার আধা কিলোমিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় ওইসব এলাকায় বসবাসরত কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পানির সঙ্গে ভেসে যায় প্রায় শতাধিক পুকুর ও ঘেড়ের মাছ । এসব এলাকা থেকে শতাধিক পরিবার সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে ।
ভোলা সদরের নদী ভাঙ্গন প্রতিরোধে ১০৩ কোটি টাকার একটি প্রকল্প পাস হলেও মন্ত্রণালয়ের গাফিলতির কারণে সময় মত কাজ শুরু করা হয়নি। আজ বুধবার দুই কিলোমিটার অংশের ভাঙ্গন প্রতিরোধে প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি ।
লালমোহন (ভোলা): লালমোহনে মেঘনার ভাঙ্গনে রিং বাঁধ ছুটে গিয়ে পানিতে তলিয়ে গেছে ২ ইউনিয়নের অন্তত ১০ গ্রাম। এর ফলে পানিবন্ধি হয়ে পড়েছে প্রায় দেড় হাজার পরিবার। ধলীগৌরনগর ইউনিয়নের কালামবুল্যাহ ও কুণ্ডেরহাওলা এলাকায় অস্থায়ী ভিত্তিতে নির্মিত রিং বাঁধের প্রায় ৮০০ মিটার এখন সম্পূর্ণ খোলা। তলিয়ে গেছে কয়েকটি কাঁচা রাস্তাসহ, রবিশষ্য, পুকুর ও ঘেরের মাছ। জোয়ার এলে চৌকির উপর বসে সময় কাটান এসব পরিবারের লোকজন। রান্নার চুলাও পানিতে ডুবে যাওয়ায় মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে তাদের। এতে ওই দুই গ্রামের মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। অথচ ভাঙ্গন রোধে এ পর্যন্ত কোন স্থায়ী পদক্ষেপ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড।
চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলায় গতকাল পূর্ণিমার জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় পানির তোড়ে চরমাদ্রাজ ইউনিয়নের চরনিউটন গ্রামের দক্ষিণাংশের প্রায় দেড়শ ফুট বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। পানিতে তলিয়ে গেছে চরমাদ্রাজ ইউনিয়নের চরনিউটন ও মোহাম্মদপুর গ্রাম।
কাউখালী (পিরোজপুর)
উপজেলার সন্ধ্যা, কঁচা, কালিঙ্গা, চিরাপাড়া ও গাবখান নদীতে গত পাঁচ দিন ধরে পূর্ণিমার জোয়ারের কারণে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী প্রায় ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। বেড়েছে সাপের উপদ্রব। জানা গেছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩/৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী পাঙ্গাসীয়া. জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, মেঘপাল, গন্ধব, আমরাজুরি, গোপালপুর, জয়কুল, ডুমজুড়ি, কাউখালী দক্ষিণ বাজার, গুচ্ছগ্রামসহ উপজেলার ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে।
গলাচিপা (পটুয়াখালী): গত তিনদিন ধরে পূর্ণিমার প্রভাবে গলাচিপা ও রাঙ্গাবালীর উপকূলে প্রায় অর্ধশত ছোট-বড় চর দিনে-রাতে দু’দফায় প্লাবিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ না থাকায় চরকাশেম, চরলতা, চরবাংলা, চরআন্ডা, চরকারফারমা, চরআগুনমুখা, চরবেষ্টিন, চরমায়া, চরমহিউদ্দিন ও গলাচিপার মাঝেরচর, পক্ষিয়ারচর, রামনাবাদ নদী তীরবর্তী নতুনচর ও শহর সংলগ্ন তালেব নগর আবাসন, লঞ্চ ঘাট, ফেরি ঘাট, খেয়া ঘাটের এপ্রোচ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। গলাচিপার রামনাবাদ নদী তীরের নতুনচরসহ তিনটি আবাসনের পাঁচ থেকে ছয়শ’ পরিবার দুর্ভোগের শিকার।
কলাপাড়া (পটুয়াখালী)
গত দুই দিন ধরে কলাপাড়া শহরের বেড়িবাঁধের বাইরের এবং একাধিক ইউনিয়নের বিধ্বস্ত বেড়িবাঁধ সংলগ্ন শত শত বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠান দফায় দফায় প্লাবিত হচ্ছে। জোয়ারের তাণ্ডবে আবাসস্থল মানুষের বসবাস অযোগ্য হয়ে পড়েছে। রামনাবাদ নদীর জোয়ারের পানির তোড়ে নাওয়াপাড়া গ্রামের একটি আয়রন ব্রিজ ভেঙ্গে গেছে। শতাধিক পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। বেড়িবাঁধের বাইরের অর্ধশত মাছের ঘের ও পুকুরের ৫০ লাখ টাকার মাছ জোয়ারের পানির সাথে ভেসে গেছে। জোয়ারের পানি বৃদ্ধির কারণে আলীপুর, হাজীপুর ও কলাপাড়া ফেরির বেইলী ব্রীজ ডুবে গিয়ে কুয়াকাটার সাথে সারা দেশের সড়ক যোগাযোগ সাড়ে চার ঘন্টা বন্ধ হয়ে যায়।
গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত মাত্র চার ঘন্টায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে কলাপাড়া আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। এমন বৃষ্টিপাত আরো ৩/৪ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি)
ঘূর্ণিঝড় মহাসেনের পর এবার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কাঠালিয়ার কয়েকটি গ্রাম। অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার বিষখালী নদীর পাড়ের জয়খালী, চিংড়াখালী, মশাবুনিয়া, হেতালবুনিয়া, আওরাবুনিয়া, জাঙ্গলিয়াসহ আশপাশের কয়েকটি গ্রাম পানিতে প্ল¬াবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। আউশ- বীজতলা নষ্ট হয়ে যাওয়ার আশংকা করছে এসব এলাকার কৃষকরা। জয়খালী গ্রামের কৃষক খলিল মিয়া অভিযোগ করেন বর্তমানে আমুয়া কাঠালিয়া সদর বড় কাঠালিয়া, কচুয়া, শৌলজালিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মিত হচ্ছে। আমাদের কয়েকটি গ্রামে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে আমাদের ঘর-বাড়ি তলিয়ে যায় এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়। জোয়ারের পানিতে আমুয়া বন্দরের ফেরির গ্যাংওয়ে তলিয়ে গেছে। ফলে কয়েক ঘন্টা বরিশাল-ঝালকাঠি-খুলনা ঢাকার সাথে বরগুনা-পাথলঘাটার যোগাযোগ বন্ধ থাকে।
