রাজধানীতে ডাকাত সন্দেহে ১৯ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলেছে, গ্রেফতারকৃতরা রাজধানীর রাতের ত্রাস। পুলিশ হত্যাসহ তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ১টি বিলাসবহুলসহ (মার্সিডিজ বেঞ্জ) ৪টি গাড়ি, ৩টি সিএনজি, ৬টি মোটর সাইকেল, পুলিশের পোশাক ও দেশীয় অস্ত্র। মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার সারারাত অভিযান চালিয়ে নগরীর যাত্রাবাড়ী, সদরঘাট ও মিরপুর এলাকা থেকে এদের গ্রেফতার করে।
মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি মশিউর রহমান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী। তারা একটি সংঘবদ্ধ গ্রুপের সদস্য। তাদের গ্রুপের সদস্যসংখ্যা ৭০ থেকে ৮০ জন। এরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় গাড়ি চুরি, ছিনতাই ও ডাকাতি করে থাকে। প্রয়োজনে তারা গাড়ি চালককেও হত্যা করতে কুণ্ঠাবোধ করে না। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় মিরপুর ন্যাশনাল স্টেডিয়াম এলাকা থেকে ১টি নিশান পেট্রোল, ১টি মোটর সাইকেল, ২টি সিএনজি স্কুটারে অবস্থানরত ৬ জনকে গ্রেফতার করেন। এরা হলো- কামরুল খান, আওলাদ হোসেন, কটি মিয়া, শামীম, শীতল আলী ও জসিম ফকির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, রাত ১২টার পর তারা অভিযান শুরু করে। অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন মডেলের প্রাইভেটকার, সিএনজি স্কুটার ও মোটর সাইকেল ছিনতাই করে। এ গ্রুপের দলনেতা কামরুলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল। সে গুলশান থানার সাব-ইন্সপেক্টর মিজান হত্যা মামলার আসামি। তাদের দেয়া তথ্যমতে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় জসিম, সেলিম, মনির, শাকিল, আতাউর রহমান লিকু, চাবিওয়ালা মনির, মোল্লা আব্দুল করিমকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি মোটর সাইকেল, ২টি চাকু, রড ও ক্রিকেটের স্ট্যাম্প।
তিনি বলেন, গ্রেফতারকৃত জসিম ও সেলিমের দেয়া তথ্যমতে সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় মানিক, খায়রুল আহম্মেদ খালেক, আফজাল, ইউনুছ শেখ, আনোয়ার হোসেন আনু ও শিপলু মিয়াকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিলাসবহুল গাড়ি (মার্সিডিজ), ৩টি মোটর সাইকেল, ২টি অস্ত্রও পুলিশের ইউনিফর্ম। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার রিমান্ডে এনে জিজ্ঞাসবাদ চলছে।
