পররাষ্ট্রমন্ত্রীর বাসায় ককটেল র‍্যাবের গাড়িতে আগুন

আপডেট : ২৮ মে ২০১৩, ২২:৪৮
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সরকারি বাসভবনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেনে পররাষ্ট্রমন্ত্রীর বাসায় এই বিস্ফোরণ ঘটানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম কবির সাংবাদিকদের জানান, ঘটনার সময় দীপু মনি বাসায় ছিলেন না। তিনি সোমবার রাতে বেলজিয়াম সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তবে তার স্বামী অ্যাডভোকেট তৌফিক নাওয়াজ ও ছেলে তাওকীর রাশাদ নাওয়াজ বাসায় ছিলেন। ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। এদিকে, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের আগের দিন গতকাল মঙ্গলবার রাজধানীতে র্যাবের একটি গাড়িসহ ছয়টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নীলক্ষেতে র্যাব-২-এর একটি মাইক্রোবাস, মহাখালীতে একটি প্রাইভেটকার ও লেগুনা, আরামবাগে একটি ব্যাংকের জিপ গাড়ি, মোহাম্মদপুরে এবং আগারগাঁওয়ে একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করা হয়। হরতাল সমর্থকরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আগুন দিয়েছে বলে দাবি পুলিশের। দীপু মনির বাসায় বিস্ফোরণ : দীপু মনির সরকারি বাসভবনের নিরাপত্তাকর্মী আজমত আলী জানান, কালো রঙের একটি মোটর সাইকেলে করে দুইজন আরোহী বাসার সামনে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বাসার ছাদে ককটেলগুলো বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর রমনা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। পরে রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মারুফ হাসান পররাষ্ট্রমন্ত্রীর বাসভবন পরিদর্শন করেন। উপ-কমিশনার মারুফ হাসান বলেন, ভোর সাড়ে ৫টার দিকে পররাষ্ট্র ভবনের ভেতরে এই বিস্ফোরণ ঘটে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। কিছুদিন আগে গুলশানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফের বাড়িতেও বোমা ছোঁড়া হয়েছিলো। তবে ওই বোমাগুলো বিস্ফোরিত হয়নি। র্যাবের গাড়িতে আগুন : ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ-২৫-১৮৩৮) আগুন দেয় কয়েকজন যুবক। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে তার আগেই গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, গাড়িটির অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রায় এক ঘণ্টা পর মতিঝিলের আরামবাগের রয়েল একাডেমীর সামনে আইএফআইসি ব্যাংকের একটি পাজেরো জিপে আগুন দেয়া হরতাল সমর্থকরা। তবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। মতিঝিল থানার ওসি ফরমান আলী বলেন, গাড়িতে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাত পৌনে ৯টার দিকে মহাখালী এলাকায় দুর্বৃত্তরা একটি লেগুনাতে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত ৯টার দিকে আগারগাঁও এলাকায় একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা মোহাম্মদপুরে একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করেছে বলে জানা যায়। এদিকে নীলক্ষেত এলাকায় বেলা আড়াইটায় একটি সাদা রঙের মাইক্রোবাসে আগুন দেয় হরতাল সমর্থনকারীরা। এই মাইক্রোবাসটি র্যাব-২-এর প্রশাসনিক কাজে ব্যবহার হয়। আগুন দেয়ার সময় গাড়িতে র্যাবের কেউই ছিলেন না। পরে আশপাশের লোকজন গাড়ির আগুন নিভিয়ে ফেলেন। আগুনে গাড়ির সিটগুলো পুড়ে গেছে। এ ঘটনার পর আগুনের কারণ অনুসন্ধানে র্যাব সদর দফতরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে, বিএনপিসহ ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা ঠেকাতে পুলিশ, র্যাব ও বিজিবি ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। র্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য র্যাব মাঠে কাজ করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, হরতালে নৈরাজ্য ঠেকাতে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে।