যথাসময়েই নির্বাচন, বিএনপিও সোজা পথে আসবে :প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ মে ২০১৩, ২২:৪৯
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। যথাসময়ে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে। আর এ নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রকে সুসংহত করার জন্য তিনি বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান জানান। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী সমর্থন দেয়ায় বিরোধী দলীয় নেত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলটি সোজা পথে আসবে এবং সংসদ নির্বাচনসহ ভবিষ্যতে সকল নির্বাচনে অংশ নেবে। গতকাল মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা পুনর্বাসন কেন্দ্র মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধ্বংসাত্মক, হত্যা এবং জ্বালাও-পোড়াও রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক রীতি-নীতি অনুসরণ করার জন্য বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি কিসের জোরে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেছিলেন যে, ‘আপনি পালানোর পথ খুঁজে পাবেন না’। আর এখন আপনিই তো পথহারা পথিক হয়ে গেছেন। আপনি আল্টিমেটাম দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে জামায়াতের হাতে অস্ত্র দিয়ে অরাজকতা সৃষ্টি করে সরকার হটাতে পারবেন না। এসব ছেড়ে গণতান্ত্রিকভাবে আসুন। দেশের মানুষ এখন অনেক সচেতন। বিরোধী দলীয় নেত্রী ১৪ দলীয় জোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে হেফাজতকে আমন্ত্রণ জানিয়েছে ও জামায়াত-শিবির কর্মীদের অস্ত্র সরবরাহ করেছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্ণনা দিয়ে বলেন, নিজস্ব অর্থায়নে শিঘ্রই পদ্মা সেতুর কাজ শুরু হবে এবং এবারের বাজেটে বরাদ্দ রাখা হবে। ইতিমধ্যেই ভূমি অধিগ্রহণসহ সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এর আগেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে মাওয়ায় পদ্মা সেতুর কাজ শুরু করেছিল; কিন্তু বিএনপি ক্ষমতায় এসে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেয়। তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। জনসভায় আরো বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, নৌমন্ত্রী শাহজাহান খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহ-উল আলম লেনিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, এম. ইদ্রিস আলী এমপি, বাবু সুকুমার রঞ্জন ঘোষ এমপি, মমতাজ বেগম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মু. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ লুত্ফর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির আব্দুল হামিদ। এর আগে প্রধানমন্ত্রী জনসভা প্রাঙ্গণে বেতকা-তেঘরিয়া সড়কে ধলেশ্বরী নদীর উপর ৮০.২৫৭ মিটার গার্ডার ব্রীজ, শ্রীনগরের যদুনাথ রাজার বাড়ির ‘বিক্রমপুর জাদুঘর’, সদর উপজেলার রঘুরামপুরের বিক্রমপুর বৌদ্ধ বিহারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সাথে টঙ্গীবাড়ি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং বিক্রমপুর জাদুঘর সংলগ্ন সাংস্কৃতিক পান্থশালার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রথমে প্রধানমন্ত্রী বিকাল সোয়া ৩টায় মাওয়ায় উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ ও ‘প্রত্যয়’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখানে এক সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নৌ-পথ সচল রাখতে বর্তমান সরকার ১২ হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। তিনি নৌ দুর্ঘটনার ব্যাপারে সকলকে সচেতন হবার আহ্বান জানিয়ে বলেন, বর্ষা মৌসুমের আগেই জাহাজ দুটোর কার্যক্রম শুরু হবার কারণে নৌ-পথ আরো নিরাপদ ও নির্বিঘ্ন হবে। বিআইডব্লিউটিএ ও নৌ পরিবহন মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। উদ্ধারকারী জাহাজের উপর আয়োজিত এ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী গাড়িযোগে মাওয়া সেতু বিভাগের রেস্ট হাউস প্রাঙ্গণে যান। সেখানে ‘গার্ড অব অনার’ গ্রহণ শেষে বিকাল ৪টা ৬ মিনিটের সময় জনসভাস্থলে আসেন। বিকাল ৫টা ৪৪ মিনিটে জনসভা শেষ হলে তিনি পাশের দোগাছি হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে যান।