বিশ্বব্যাংকের উচ্চ ক্ষমতাসম্পন্ন ৩ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌবন্দর পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি নৌবন্দরের অবকাঠামো উন্নয়ন, আশুগঞ্জ-আগরতলা সড়কের বর্তমান অবস্থা ও আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। সার্বিক অবস্থা দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। ট্রানজিট কার্যক্রমের জন্য এই ২টি বন্দর ও সড়ক প্রস্তুত কিনা তার সম্ভাব্যতা যাচাই করতেই তারা এসেছেন বলে জানা গেছে।
বাণিজ্যিক এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংক ইন্টারন্যাশনার ট্রেড ডিপার্টমেন্টের সিনিয়র ট্রেড স্পেশালিস্ট দীপ এনগোয়ান ভ্যান হুট্রি। তার সাথে ছিলেন ট্রেড ডিপার্টমেন্টের সিনিয়র ট্রেড স্পেশালিস্ট চার্লস্ কোনাকা, কাস্টম এন্ড ট্রেড বিশেষজ্ঞ জেরার্ড মেকলিনডেন। এ সময় আশুগঞ্জ অভ্যন্তরীণ নৌবন্দরের প্রকল্প পরিচালক বিআইডব্লিউটিএ’র তত্ত্ববাধায়ক প্রকৌশলী মো. মইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. মুসলিমসহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং আখাউড়া স্থলবন্দরের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় একটি হোটেলে প্রতিনিধিদল মতবিনিময় করেন। তবে তারা সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি। আজ সন্ধ্যায় প্রতিনিধিদলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত্ করার কথা রয়েছে।
