বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে আজ বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল। বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং লন্ডন থেকে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে জারিকৃত পরোয়ানা প্রত্যাহারের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। তারেক রহমানের বিষয় নিয়ে বিরোধী দলের এটাই প্রথম হরতাল। চলতি সপ্তাহে এটা ১৮ দলের দ্বিতীয় হরতাল। ঢাকায় সভা-সমাবেশের ওপর অঘোষিত ‘নিষেধাজ্ঞা’ আরোপের প্রতিবাদে গত রবিবার দেশব্যাপী হরতাল পালন করে বিরোধী জোট।
হরতালের আগের দিন, গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, দাবি পূরণ না হলে প্রয়োজনে আরও হরতাল দেয়া হবে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা অবিলম্বে প্রত্যাহার ও অপপ্রচার বন্ধ না করলে বুধবারের হরতালই শেষ হরতাল-এরকম ভাবার কোনো কারণ নেই।
তারেক রহমানকে বিদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনতে আদালতের পরোয়ানা জারির পর সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে অনুষ্ঠিত ১৮ দলের শীর্ষ নেতাদের সভায় আজকের হরতাল কর্মসূচির সিদ্ধান্ত হয়। একই দাবিতে গতকালও দেশের নয়টি জেলায় হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন।
