ভারতের মধ্যাঞ্চলীয় প্রদেশ ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেস নেতৃবৃন্দের ওপর হামলার দায় স্বীকার করেছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী)। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্যই এই হামলা করা হয়েছে বলে ই-মেইলে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে মাওবাদীরা। ঘটনার তিনদিন পর গোষ্ঠীটির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এই হামলার দায় স্বীকার করা হলো। খবর টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার এর।
চার পৃষ্ঠার এক বার্তায় গোষ্ঠীটির অন্যতম মুখপাত্র গুদসে উসেন্দি জানায়, তাদের মূল লক্ষ্য ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার প্যাটেল, মহেন্দ্র কর্মা এবং ভি সি শুক্লা। মহেন্দ্র কর্মা ছত্তিশগড়ে মাওবাদবিরোধী সালওয়া জুডুম নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। এছাড়া মাওবাদীদের বিরুদ্ধে ‘অপারেশন গ্রিন হার্ট’ নামের একটি অভিযান পরিচালনা করায় প্রতিশোধ নেয়ার জন্য এই হামলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। উসেন্দি বলেন, রায়পুরের বাস্তারে আদিবাসীদের ওপর নির্যাতনের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কংগ্রেস উভয় দলই দায়ী। প্রসঙ্গত, গত শনিবার কংগ্রেস নেতাদের একটি গাড়ি বহরে মাওবাদীদের হামলায় দলটির জ্যেষ্ঠ নেতা নন্দকুমার প্যাটেল ও মহেন্দ্র কর্মাসহ ২৭ জন নিহত হয়। ভি সি শুক্লা বর্তমানে হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন।
