হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, সরকার শাপলা চত্বরে রাতের আঁধারে সরলপ্রাণ ইসলাম প্রিয় নেতা-কর্মীদের যেভাবে হত্যা করেছে তা ইহুদীদের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করা চলে। কওমী মাদরাসা বোর্ডের পরীক্ষা শেষে ঈমানী অধিকার আদায়ের লক্ষ্যে ১৩ দফা দাবি বাস্তবায়নে কঠোর কর্মসূচি দেয়া হবে। গতকাল সংগঠনের ঢাকার আঞ্চলিক নেতারা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের একথা জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামবাদী স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল্লামা শফী বলেছেন, আমাদের ঈমানী অধিকার যে কোনো মূল্যে আদায় করা হবে। কোনো বাধা আমাদের রুখতে পারবে না। শান্তপূর্ণ উপায়ে ১৩ দফা দাবি আদায়ই আমাদের চলমান আন্দোলনের একমাত্র লক্ষ্য। দমন-নিপীড়ন, ওলামা-মাশায়েখদের বিরুদ্ধে অপপ্রচার ও মামলা-হামলা বন্ধ করে ১৩ দফা মেনে নেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
