আইন প্রতিমন্ত্রীকে তারেকের লিগ্যাল নোটিস

আপডেট : ২৮ মে ২০১৩, ২২:৫২
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপিকে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। তারেক রহমানের পক্ষে তার ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল গতকাল মঙ্গলবার এ নোটিস দেন। নোটিস প্রাপ্তির দুই সপ্তাহের মধ্যে আইন প্রতিমন্ত্রীকে তার বক্তব্য প্রমাণ করতে, নয়তো প্রত্যাহার করার জন্য বলা হয়েছে। এটি করা না হলে তাকে ক্ষমা প্রার্থনা করতে হবে, অন্যথায় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। গতকাল কুরিয়ার সার্ভিস ও রাষ্ট্রীয় ডাকযোগে এ নোটিস পাঠানো হয়। এ প্রসঙ্গে কায়সার কামাল সাংবাদিকদের বলেন, আইন প্রতিমন্ত্রী বলেছেন, তারেক রহমান বিদেশে বসে সরকার উত্খাতের ষড়যন্ত্র করছেন। কিন্তু তার এ বক্তব্যের সপক্ষে কোন প্রমাণ দেননি। আমি মনে করি প্রতিমন্ত্রীর এ বক্তব্য মিথ্যা, অসত্য, অপমানজনক, মানহানিকর ও অসত্ উদ্দেশ্যমূলক। ওই বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে তারেক রহমানকে হেয় করা হয়েছে। নোটিসে বলা হয়েছে, তারেক রহমান প্যারোলে মুক্তি পাওয়ার খবরও মিথ্যা। প্রকৃতপক্ষে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন এবং আপিল বিভাগের অনুমতি নিয়েই বিদেশে চিকিত্সার জন্য গেছেন।