খুলনাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার

আপডেট : ২৮ মে ২০১৩, ২২:৫২
তিন মেয়র প্রার্থীই খুলনাকে একটি আধুনিক নগরী হিসাবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। গতকাল মঙ্গলবার নগরীর শহীদ হাদিস পার্কে কেসিসি নির্বাচন-২০১৩ উপলক্ষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান। অনুষ্ঠানের শুরুতেই নগরীর উন্নয়ন কমিটির ২৩ দফা দাবি মেয়র প্রার্থীদের সামনে তুলে ধরা হয়। এসব দাবির মধ্যে রয়েছে নগরীর জলাবদ্ধতা দূরীকরণ, স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়ন, তথ্য-প্রযুক্তি ও খেলাধুলার প্রসার, জোড়াগেট থেকে কেসিসির শেষ সীমানা পর্যন্ত সড়ককে ডিভাইডারসহ ৬ লেনে উন্নীত করা, রূপসা সেতু থেকে রেলীগেট পর্যন্ত নদীর তীর ঘেঁষে সড়কসহ রিভারভিউ পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ ইত্যাদি। মেয়র প্রার্থীরা এ দাবির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। তিন মেয়র প্রার্থীর মধ্যে প্রথমেই বক্তব্য রাখেন বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক কমিটির প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। তিনি বলেন, যে উদ্দেশ্য নিয়ে আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে কাজ করে যাব। আমাকে মেয়র পদে নির্বাচিত করা হলে খুলনাকে আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক মেয়র থাকাকালে বিগত পাঁচ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আমি পুনরায় নির্বাচিত হলে নগরীতে আর কোন জলাবদ্ধতা থাকবে না। ইতিমধ্যে নগরীর ২২ খালের মধ্যে ছয়টি খাল সংস্কারে টেন্ডার হয়েছে। আমাকে পুনরায় মেয়র পদে নির্বাচিত করলে আমার অসমাপ্ত কাজ শেষ করতে পারবো। জাতীয় পার্টি (জাপা) সমর্থিত নাগরিক উন্নয়ন কমিটির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু তার জীবনে প্রথম নির্বাচনে অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন, তাদের সরকারের আমলেই খুলনায় সিটি করপোরেশন প্রতিষ্ঠাসহ অনেক উন্নয়ন কাজ হয়েছে। তিনি বলেন, আমাকে নির্বাচিত করা হলে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসাবে খুলনাকে গড়ে তোলা হবে। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।