বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার কেবল মুখে-মুখে আলোচনার কথা বলে, কিন্তু বিশ্বাস করে না। সংলাপের বিন্দুমাত্র সদিচ্ছা কিংবা আন্তরিকতা তাদের নেই। তাদের মুখে আলোচনার কথা এখন বালকসুলভ বক্তব্য হয়ে দাঁড়িয়েছে, যার কোনো সারমর্ম নেই। বিরোধী দলের দুই সংসদ সদস্য এম কে আনোয়ার ও বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে বিএনপির এমপিদের এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মওদুদ আহমদ বলেন, নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য সরকারের যে কোনো সদিচ্ছা নেই, এম কে আনোয়ার ও বুলুকে গ্রেফতারের মাধ্যমেই তা প্রমাণ হয়। সরকারের যদি আন্তরিকতা থাকত তাহলে সংসদের অধিবেশন শুরুর কয়েকদিন আগে বিরোধী দলের দু’জন এমপিকে তারা গ্রেফতার করত না। সরকারের উদ্দেশে তিনি বলেন, একদিকে আলোচনার কথা বলবেন, অন্যদিকে সভা-সমাবেশ করতে দেবেন না, বিরোধী দলের নেতাদের নামে ওয়ারেন্ট জারি করবেন, এটি হতে পারে না। মানববন্ধন কর্মসূচিতে বিএনপির ১৪ জন সংসদ সদস্য অংশ নেন। এদিকে, সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আওয়ামী লীগের আচরণের ওপর নির্ভর করছে আগামী অধিবেশনে বিরোধী দল সংসদে যাবে কিনা। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাফরুল ইসলাম চৌধুরী, আবুল খায়ের ভুঁইয়া, গোলাম মোস্তফা, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, রেহানা আক্তার রানু প্রমুখ। শেখ সুজাত মিয়া, জেড আই এম মোস্তফা আলী মুকুল, নিলোফার চৌধুরী মনি, হারুনুর রশিদ, নাজিম উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান এই কর্মসূচিতে অংশ নেন।
