এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম বলেছেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলকে শিগগিরই অনুরোধ করা হবে। এরপর ইন্টারপোল কিভাবে পদক্ষেপ গ্রহণ করে সেটা নির্ভর করছে পরবর্তী বিষয়গুলোর ওপর।
তিনি আরও বলেন, তারেক রহমানের রাজনৈতিক আশ্রয়ের আবেদন বৃটেন গ্রহণ করবে কিনা সেটা তাদের বিষয়। তবে চুক্তি না থাকা সত্ত্বেও বৃটিশ সরকারের অনুরোধে অতীতে আমরা সেদেশে আসামি ফেরত পাঠিয়েছিলাম। আশা করি তারাও আমাদের আসামিকে ফেরত পাঠাবে। গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে এটর্নি জেনারেল এসব কথা বলেন।
এডভোকেট মাহবুবে আলম বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান চিকিত্সার জন্য যুক্তরাজ্যে যান। তত্কালীন সরকার তাকে প্যারোলে মুক্তি দেয়। মুক্তির পর ওই আদেশ বিভিন্ন সময়ে বৃদ্ধি করা হয়। কিন্তু অর্থ পাচার মামলার কার্যক্রম যখন শুরু হয় তখন রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে, প্যারোলের মেয়াদ আর বাড়ানো হবে না। এরপর তাকে আদালতে হাজির হওয়ার জন্য প্রথমে নোটিস দেয়া হয়। হাজির না হওয়ায় পরবর্তী সময়ে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। আদালত যখন কারো বিরুদ্ধে পরোয়ানা জারি করে, তখন ওই ব্যক্তি আদালতে হাজির না হলে তখন থেকেই সে পলাতক। এ কারণেই তারেক রহমানের জন্য এখানে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি। তিনি আরও বলেন, ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিম্ন আদালত আইনানুযায়ী আদেশ দিয়েছে। আদেশ যদি আইনানুগ না হতো, নিশ্চয়ই তার আইনজীবীরা এ ব্যাপারে চ্যালেঞ্জ করতেন, কিন্তু কোনোরকম চ্যালেঞ্জও করা হয়নি। তাই রাজনৈতিক মঞ্চ থেকে যেসব বক্তব্য দেয়া হচ্ছে, তা দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, তারেক রহমানের সর্বোচ্চ আদালতের জামিন যদি কার্যকর থাকে, তাহলে অবশ্যই তারেক রহমানের আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে নিম্ন আদালতের পরোয়ানা জারির বিরুদ্ধে আপত্তি দিতেন। কিন্তু তা করেননি। তিনি বলেন, আসামিদের আদালতের এখতিয়ারে আনা আদালতের দায়িত্ব। তারেক রহমানের ক্ষেত্রে আদালত সে দায়িত্বটা পালন করেছেন মাত্র।
