কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ায় ডা. সুগত বড়ুয়ার বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গৃহকর্তা সুগত বড়ুয়া বাদী হয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় সোমবার রাতে ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল মঙ্গলবার কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন। ঘটনা তদন্তে জেলা প্রশাসন ৫ সদস্যের কমিটি গঠন করেছে। গতকাল সকালে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়িতে পুলিশ প্রহরা রয়েছে।
পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় লোকজন জানায়, নগরীর ঠাকুরপাড়া বৌদ্ধ মন্দিরের পাশে কালীতলায় রবিবার রাতে ডা. সুগত প্রসাদ বড়ুয়ার বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা দুই দফা হামলা চালায়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে জানালার কাঁচ, আসবাবপত্র ভাংচুর করে। গৃহকর্তা সুগত বড়ুয়া বাদী হয়ে সোমবার রাতে মামলা করেন। বাদী জানান, হামলার সময় সন্ত্রাসীরা ঐ পরিবারের লোকজনকে আইনের আশ্রয় না নিতে এবং তাদের জমিজমা নিয়ে দায়েরকৃত চলমান মামলা প্রত্যাহারে হুমকি প্রদর্শন করে। ঘটনার পর ঐ বাড়িসংলগ্ন বৌদ্ধ মন্দিরে পুলিশ পাহারা ছিল। গতকাল ভোরে বাড়ির একটি টিনশেড ঘরে আগুন জ্বলতে দেখে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনে ঘরটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়ে এটি কোন সাম্প্রদায়িক ঘটনা নয় বলে জানিয়েছেন। এদিকে মামলার বাদী সুগত বড়ুয়া ও তার পুত্রবধূ ফাল্গুনী বড়ুয়া জানান, তাদের মালিকানা ২৩ শতাংশ জমি নিয়ে কৃষকলীগ নেতা ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুকের সাথে ২০০৫ সাল থেকে মামলা চলে আসছে। হামলাকারীরা চলমান মামলা প্রত্যাহারের হুমকি দেয়। এ বিষয়ে কৃষকলীগ নেতা ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক বলেন, ‘ওই পরিবারের সাথে আমার মামলা-মোকদ্দমা চলমান থাকলেও তাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
