শিবির সভাপতিসহ ৬১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ২৮ মে ২০১৩, ২২:৫৪
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুর অভিযোগে দ্রুত বিচার আইনে করা মামলায় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাইদীসহ ৬১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম ও দ্রুত বিচার আদালতের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৬ জুন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। এ সময় আসামিদের মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে তা নাকচ করেন বিচারক। গত ২৮ জানুয়ারি মামলাটি দায়ের করে মতিঝিল থানা পুলিশ। গত ৭ ফেব্রুয়ারি সাইদীসহ ৬১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।