চীনে পয়ঃনিষ্কাশন পাইপ থেকে নবজাতককে জীবিত উদ্ধার

আপডেট : ২৮ মে ২০১৩, ২২:৫৫
চীনের পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশের একটি আবাসিক এলাকার পয়:নিষ্কাশনের পাইপ থেকে এক নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। খবর রয়টার্স ও এএফপির। সোমবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করেন। পয়:নিষ্কাশনের পাইপটি টয়লেটের কমোডের নিচেই যুক্ত ছিল। জিনহু আবাসিক এলাকার একটি পয়:নিষ্কাশনের পাইপ থেকে শিশুর কান্না শুনতে পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পাইপটি কমোড থেকে আলাদা করে হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা সতর্কতার সঙ্গে শিশুটিকে পাইপ থেকে বের করেন। শিশুটিকে ইনকিউবেটরে রাখা হয়েছে। অনেকে শিশুটির মা-বাবার শাস্তি দাবি করছেন।