চাঁদাবাজদের উত্পাত সীতাকুণ্ডে পুলিশ পাহারায় চলছে শিপইয়ার্ড

আপডেট : ২৮ মে ২০১৩, ২২:৫৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদার দাবিতে একটি শিপব্রেকিং ইয়ার্ডের কাজ-কর্ম বন্ধ করে দিয়েছে সংঘবদ্ধ একদল সন্ত্রাসী। তারা ওই ইয়ার্ডে যাতায়াতের সরকারি রাস্তায় ব্যারিকেড দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ পাহারায় বিকেলের দিকে ইয়ার্ডের কাজ-কর্ম আবার শুরু হয়। ইয়ার্ড ম্যানেজার মো. হাসান জানান, উপজেলার কদমরসুল জাহানাবাদ সাগর উপকূলে অবস্থিত মো. কামাল উদ্দিনের মালিকানাধীন আরেফিন এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডে সোমবার স্থানীয় কয়েকজন দুষ্কৃতকারী উপস্থিত হয়ে ইয়ার্ডের কাটিং কন্ট্রাক্টরি ব্যবসা অথবা চাঁদা দাবি করে। ইয়ার্ড মালিক রাজি না হলে তারা ক্ষিপ্ত হয়ে সোমবার গভীর রাত থেকে ইয়ার্ডের সামনে অবস্থান নিয়ে ইয়ার্ডে কর্মকর্তাদের প্রবেশ ও মালামাল সরবরাহে বাধা দেয়। পরে এস.আই গোলাম ফারুক ভুঁইয়ার নেতৃত্বে পুলিশ গতকাল দুপুরের দিকে ঘটনাস্থলে এসে ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বর্তমানে পুলিশ পাহারায় ওই ইয়ার্ডে কাজ চলছে বলে জানা গেছে। থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনা শুনেই সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। বর্তমানে ওই ইয়ার্ডে কাজ-কর্ম স্বাভাবিকভাবে চলছে।