খুলনায় স্কুলছাত্রী হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

আপডেট : ২৮ মে ২০১৩, ২২:৫৬
ঝিনাইদহের হলিধানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সুমাইয়া ইসলাম শ্রাবণী (৮) হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও দণ্ড পাওয়া প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারক মো. আক্তার হোসেন গতকাল মঙ্গলবার এ রায় দেন। দণ্ড পাওয়া আসামিরা হচ্ছে—মো. কলম চৌধুরী, মো. সাইফুল ইসলাম কানু ও মো. রোমান আহম্মেদ। দণ্ডপ্রাপ্তরা এ সময় আদালতে উপস্থিত ছিল। আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১২ ডিসেম্বর পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় ঝিনাইদহের হলিধানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবণীকে স্কুলের কাছ থেকে অপহরণ করা হয়। হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া গ্রামের ছরোয়ার ব্যাপারীর ছেলে মো. কলম চৌধুরী, মৃত দাউদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম কানু ও মাইক্রোবাস চালক দবির উদ্দিনের ছেলে রোমান আহম্মেদ ১ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করে। পরে তারা তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করে। এ ঘটনায় শ্রাবণীর মা সাবিনা জোহরা রাখী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। শ্রাবণীর স্কুলের সহপাঠীদের দেয়া তথ্য অনুযায়ী প্রথমে মাইক্রোবাস চালক রোমানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কলম ও কানুকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী ধোপাকাটা ব্রিজের নিচে নদী থেকে ইট দিয়ে বাধা অবস্থায় বস্তা বন্দি শ্রাবণীর লাশ উদ্ধার করা হয়।