শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গত রাতে ব্যাংককে পাঠানো হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে রাত ১০টায় তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়।
শওকত মাহমুদকে দেখতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গত সোমবার রাতে ইউনাইটেড হাসপাতালে যান। তিনি তার চিকিত্সার খোঁজখবর নেন এবং দ্রুত ব্যাংককে পাঠানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
শওকত মাহমুদ ২৩ মে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এর আগে তার হূদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। সোমবার বিকাল পাঁচটার দিকে আকস্মিকভাবে তার শরীরের রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায়। এতে তার জীবন সংকটাপন্ন হয়ে পড়লে দ্রুত তাকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে রাত ৮টার দিকে তিনি কিছুটা সুস্থ বোধ করেন। এসময় তিনি উপস্থিত লোকজনের সঙ্গে ইশারায় কথাও বলেন। তবে এরপরে তার অবস্থার আর বিশেষ উন্নতি হয়নি। এরপরই তাকে ব্যাংকক পাঠানোর সিদ্ধান্ত হয়।
প্রাথমিকভাবে চিকিত্সকরা তার ফুসফুসে ছিদ্র ও হার্টের সমস্যার কথা জানিয়েছেন। তারা জানান, শওকত মাহমুদ এখনও আশঙ্কামুক্ত নন। তার আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল কুষ্টিয়া থেকে টেলিফোনে শওকত মাহমুদের খোঁজখবর নিয়েছেন। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তথ্যমন্ত্রী।
