পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রস্তাবিত সংশোধনী আইনের ফলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৃহত্তর বাঙ্গালী জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে এমন আশঙ্কায় বাতিলের দাবিতে বাঙ্গালীদের বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়েছে। তিন পার্বত্য জেলায় সংবাদ সম্মেলনের পাশাপাশি গতকাল মঙ্গলবার বিকেলে বাঙ্গালীদের সংগঠনগুলো বিক্ষোভ মিছিল-সমাবেশ কর্মসূচি পালন ও আগামীকাল বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধসহ হরতাল আহবান করেছে। সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ নামক বাঙ্গালীদের এসব সংগঠন সংবাদ সম্মেলন করে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে নীতিগতভাবে অনুমোদিত পার্বত্য ভূমি কমিশন আইনের খসড়া অনুমোদনের বিরোধিতা করে বলেছে, পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশন আইন সম্পর্কে সরকারের নেয়া উদ্যোগে বাঙ্গালীরা গভীর ভাবে মর্মাহত ও আতংকিত। এ আইন পাসের ফলে পার্বত্য অঞ্চলে বাঙ্গালী জনগণ তাদের ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবে। উপজাতীয় নেতাদের দৌরাত্ম্যে ভূমিহীন হয়ে পড়বে বাঙ্গালীরা। সংবাদ সম্মেলনে ভূমি কমিশন আইন সংশোধনী প্রস্তাব শীঘ্রই বাতিলের দাবি জানান।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রস্তাবিত সংশোধনী আইন বাতিলের দাবিতে ৩০ মে রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ এবং ২ জুন সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনসহ তিনটি বাঙ্গালী সংগঠন। গতকাল রাঙ্গামাটির কাঠালতলীতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের রাঙ্গামাটি জেলা সভাপতি পেয়ার আহামেদ খান সম্মেলনে তাদের কর্মসূচি ঘোষণা করেন।
