এই সময়ের জনপ্রিয় মডেল শখ। বিজ্ঞাপনচিত্র থেকে শুরু করে সর্বত্রই মডেল হিসেবে তার সাবলীল উপস্থিতি। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে তার অভিনীত বাংলালিংকসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র। এগুলোতে মডেল হিসেবে পারফর্মেন্স করেছেন তিনি। তাকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত
বাবা-মায়ের অনুপ্রেরণাতেই ছোটবেলায় নাচের সাথে সখ্যতা তৈরি হয় তার। শুরুতে কচিকাঁচার মেলায়, পরে শিশু একাডেমীতে নাচ শেখেন। পরে বুলবুল ললিতকলা একাডেমীতে বেশ ক’বছর নৃত্যে তালিম নেন এমআর ওয়াসেক ও আনিসুল ইসলাম হিরুর কাছে। সরকারি নিমন্ত্রণে দেশের বাইরেও বেশ কয়েকবার পারর্ফম করেছেন শখ। দিদারুল আলম বাদল পরিচালিত ‘স্বাক্ষর’ নাটকের মাধ্যমে টিভি মিডিয়ায় অভিষেক ঘটে শখের। মাঝে কিছু বিরতির পর বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থেকে সানসিল্কের একটি বিলবোর্ডের মডেল হওয়ার প্রস্তাব পান, অবশ্য শখের লক্ষ্য ছিল বিজ্ঞাপনচিত্রের। আর সেই সুযোগটি করে দেন গুণী নির্মাতা অমিতাভ রেজা। একটি নাচের অনুষ্ঠানে শখের পারফর্মেন্স দেখে ‘তোশিন ফ্যান’-এর মডেল হওয়ার কথা জানালে সানন্দে রাজি হয়ে যান শখ। এরপর পরের গল্প সবারই জানা। মোস্তফা সরয়ার ফারুকীর প্যারাসুট হেয়ার অয়েল এবং ভারতের নির্মাতা ইন্দ্রানি হালদারের ফেয়ার এভার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনচিত্র দুটি শখের মডেল হওয়ার পথকে গতিশীল করে। পরবর্তীতে বৈশাখী বিকেলের ঝড়ো হাওয়ার ‘ইউরো লেমন’ বিজ্ঞাপনটি শখকে এনে দেয় প্রতিষ্ঠিত মডেল হওয়ার খ্যাতি। আর বাংলালিংক দেশের বিজ্ঞাপনচিত্রগুলো এনে দিয়েছে জনপ্রিয়তা। প্রায় অর্ধশত বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করা দর্শকনন্দিত এই মডেলের প্রতিভার দ্যুতি ছড়িয়ে দেন। অসংখ্য টিভি নাটকে ভালো অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। শখ অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো—‘এফএনএফ’, ‘ফিফটি ফিফটি’, ‘জবের ব্যাপার’, ‘দিবারাত্রি খোলা থাকে’, ‘অল দ্য বেস্ট’, ‘কাজের রঙ’, ‘মুন্সিবাড়ী’ প্রভৃতি। এদিকে শখ অভিনীত বর্তমানে প্রচার হচ্ছে রেদওয়ান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’। এ পর্যন্ত তার ছবি মুক্তি পেয়েছে ‘বলো না তুমি আমার’। এমবি মানিকের পরিচালনায় এ ছবিতে শখের নায়ক হিসেবে ছিলেন শাকিব খান। ছবিটির মুক্তি এরই মধ্যে তিন বছর পেরিয়ে গেছে। তারপর আর শখ অভিনীত কোনো ছবি মুক্তি পায়নি। সবশেষ এ নায়িকা প্রায় এক বছর আগে অভিনয় শেষ করেছেন ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামের একটি ছবির। সানিয়াত হোসেনের পরিচালনায় এ ছবিতে শখের নায়ক হিসেবে আছেন নিলয়। কিন্তু ছবিটি এখনও মুক্তির মিছিলে এসে দাঁড়াতে পারেনি। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে বাংলালিংকসহ আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্র। মডেলিংয়ে তার দুর্দান্ত পারফর্মেন্স দেখে যেমন সবাই মুগ্ধ হয়, তেমনি অভিনয়ের ক্ষেত্রেও তাকে পুরোদস্তুর অভিনেত্রী বলা যায়। বিভিন্ন নাটকে চরিত্রের ভেতর ঢুকে তাকে বের করে আনার ক্ষেত্রে যে দক্ষতা তিনি দেখিয়েছেন, তাতে দর্শকদের পছন্দের তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বেশি সময় লাগেনি। বাংলা লিংকের একের পর এক বিজ্ঞাপনে তার উপস্থিতি চোখে পড়ার মতো। এখন তিনি প্রস্তুতি নিয়েছেন অন্য পণ্যের নতুন বিজ্ঞাপনের মডেল হয়ে পর্দায় উপস্থিত হওয়ার জন্য।
