ব্যান্ডবাদ্যি

প্রিজনার গানবন্দীর কথকতা

আপডেট : ২৯ মে ২০১৩, ১৮:১৭
আমাদের তারুণ্যই বাংলা ব্যান্ডের মিছিলকে দীর্ঘ করেছে। নতুন নতুন ব্যান্ডের জন্মই বলে দেয় ব্যান্ডের গানের জনপ্রিয়তা কতখানি। নতুনের এই ধারায় একটি সম্ভাবনাময় দলের নাম প্রিজনার। তাদেরই উন্মেষ কথা নিয়ে আমাদের এ আয়োজন। লিখেছেন মুহম্মদ কবীর শেকল ভাঙার গানই তাদের প্রেরণা। তাই অজস্র বন্দিত্বে মুখ গুঁজে থাকা কষ্টগুলো উগলে দেওয়ার ভাবনাতেই গিটার ও ড্রামস আঁকড়ে ধরা। তবু মুক্তি মেলে না। তাই যেন চার দেয়ালের মাঝে গানই হয়ে ওঠে মুক্তির জানালা। এ রকম ভাবনা থেকেই তারা ব্যান্ডের নাম রাখেন প্রিজনার। প্রিজনারের শুরুটা ২০০৬ সালে। রঞ্জন ও ইমরান এর প্রতিষ্ঠাতা সদস্য। গানের প্রতি ভালোবাসাই তাদের আবদ্ধ করেছিল প্রিজনারে। তাদের সাথে বেজিস্টের ভূমিকার যোগ দেন আশরাফ, সঙ্গে ড্রামার মিশু। শুরু হয় পুরোদমে কাজ। কনসার্ট থেকে কনসার্টে ছুটে চলা। তবে খুব বড় মাপের স্টেজে ওঠা হয়নি তখনও। প্রথম সুযোগ আসে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যান্ড সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যদিয়ে। সারাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ড এতে অংশ নেয়। প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করে প্রিজনার। আর এর পুরস্কার হিসেবে পেয়ে যায় এলআরবি, নগরবাউলের সাথে একমঞ্চে গান করার সুযোগ। শেরাটনের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত এই শোটি এসএ টিভিতে সম্প্রচারিত হয়। এরপর প্রিজনারের মোড় ঘুরে যায়। বড় বড় কনসার্ট থেকে ডাক আসে তাদের ঠিকানায়। কিন্তু এরই মাঝে পরিবর্তন আসে তাদের লাইনআপে। ব্যান্ড ছেড়ে চলে যান ইমরান ও মিশু। শূন্যস্থান পূরণে ব্যান্ডে যোগ দেন আশরাফ, সানি, শাকিল। ২০১০ সালে আবার ব্যান্ডটি রিফর্ম করে। তখন প্রিজনার ছেড়ে যান রঞ্জন, আশরাফ, সানি আর যোগ দেন আরিফ, সাজ্জাদ, শিশির ও রকি। এবার কিছুটা থিতু হয় প্রিজনার। নানা উত্থান-পতনের মাঝে কিন্তু প্রিজনারের গান আটকে থাকেনি। ‘ডি ফার্স্ট’ নামক একটি মিক্সড অ্যালবামে ‘কারবন্দী’ নামে একটি গান প্রকাশিত হয়। গানটি হেভি মেটাল শ্রোতাদের মনোযোগ কেড়ে নেয়। বিশেষ করে মিউজিশিয়ান জগতের প্রশংসা আদায় করে নেয়। এর ধারাবাহিকতাতেই ‘প্রলয় টু’ নামক প্রকাশিতব্য অ্যালবামেও থাকছে তাদের একটি গান। তবে পুরো অ্যালবাম নিয়ে খুব শিগগিরই শ্রোতাদের সামনে আসছে প্রিজনার। এতে থাকছে মোট নয়টি অ্যালবাম। অবশ্য একটি ইন্সট্রুমেন্টাল যোগ করার পরিকল্পনা আছে তাদের। প্রিজনারের আঁতুড় ঘরে সদ্যজাত গানগুলো যারা শুনছেন তারাই প্রশংসা করেছেন। বিশেষ করে মিউজিশিয়ান লেভেল থেকে ইতিবাচক সাড়া প্রিজনারকে আত্মবিশ্বাস দিয়েছে। ‘অগ্রযাত্রা’, ‘ফিরে দেখা’, ‘কারাবন্দী’, ‘বিবর্ণ স্বপ্ন’, ‘রক্তক্ষরণ’, ‘বাংলাদেশ ও প্রেক্ষাপট’, ‘নির্জীব পৃথিবী’ গানগুলো অভিনন্দিত হয়েছে। তবে এখনও ঠিক হয়নি অ্যালবামের শিরোনাম। প্রকাশিতব্য এই অ্যালবামটি ঘিরেই প্রিজনের প্রত্যাশা অনেক। আমরাও চাই এই প্রত্যাশা পূরণ হোক, হেভি মেটাল জগতে প্রিজনার নিয়ে আসুক নতুনত্ব।