নোয়াখালী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে নোয়াখালী নজরুল পরিষদ এক আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার বিকালে জেলা শহর মাইজদীতে মৌমাছি কচি কাঁচার মেলা ভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী নজরুল পরিষদের আহ্বায়ক মো. কামাল হোসেন মাসুদ। এতে নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আল হেলাল মো. মোশাররফ হোসেন প্রধান অতিথির ছিলেন ।
অন্যদের মধ্যে জেলার প্রবীণ সংগীত শিল্পী অধ্যক্ষ রমানাথ সেন, অধ্যাপক তপন কুমার দাস, জেলা বাসদ নেতা তারকেশ্বর দেবনাথ নান্টু, জেলা জাসদ নেতা অ্যাডভোকেট আজিজুল হক বকশী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মহি উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, জেলা জাতীয় কবিতা পরিষদের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমান, কবি এনাম আহসান ও সংগীত শিল্পী শিবানী পোদ্দার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেছেন, নজরুল শুধু কবি হিসেবে নয়, তার নাম বাঙালির হাজার বছরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নজরুল গণমানুষের চেতনায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সাম্য ও বিদ্রোহের গান গাইবে। তার গান ও কবিতায় যেমন প্রেম-ভালোবাসা রয়েছে তেমনী রয়েছে সাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার।
