গল্প নয় সত্যি

রাগের বহিঃপ্রকাশ যখন নকল দাঁতে!

আপডেট : ২৯ মে ২০১৩, ১৯:০৭
হয়তো অনেক সাধ করে দেখতে আসা কনসার্টে কোনো শিল্পীর গানই ঠিক মনঃপুত হচ্ছে না। কিংবা প্রিয় কোনো দলের খেলা দেখতে এসে দলের ভরাডুবি দেখে হয়তো মেজাজ ঠিক রাখাই কঠিন হয়ে পড়েছে। এ ধরনের প্রেক্ষাপটে রাগের বহিঃপ্রকাশ ঘটাতে কতকিছুই তো শিল্পী বা খেলোয়াড়দের দিকে ছুঁড়েন শ্রোতা-দর্শকেরা। মামুলি জুতাজোড়া থেকে শুরু করে আধখাওয়া ফল, ইট-পাটকেল, পানীয়ের বোতল থেকে শুরু করে হাতের কাছে থাকা নানা সামগ্রী, ইত্যাদি বহু কিছুই তখন রাগের বাহন হয়ে ধেয়ে যায় অন্যদের দিকে। তবে রাগের চূড়ান্ত সীমায় পৌঁছে হাতের কাছে কিছু খুঁজে না পেয়ে এবার নিচের নকল দুই পাটি দাঁতই ছুড়ে মেরেছেন প্রবীণ এক ফুটবল সমর্থক। আর টিভি পর্দায় সরাসরি সম্প্রচারের সুবাদে আর্জেন্টাইন ঐ ফুটবল ভক্তের কাণ্ড মজাদার আলোচনার খোরাক জুগিয়েছে বিশ্বের অনেক দেশের গণমাধ্যমেই। ঘটনার বিবরণে জানা যায়, আর্জেন্টিনার ঘরোয়া ক্লাব আর্জেন্টিনোস জুনিয়রসের চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছিল না। একে রেলিগেশনের খাড়া আর অন্যদিকে টানা চার ম্যাচে পরাজয়ের কারণে দারুণ কোনঠাসা হয়ে পড়েছিল ক্লাবটি। এ অবস্থায় অনেকটা শেষ সুযোগ হিসেবেই সম্প্রতি নিজেদের মাঠ দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে প্রতিপক্ষ বেলগ্রানোর বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনোস জুনিয়রস্। কিন্তু প্রথমার্ধেই পর পর দু’গোল খেয়ে আর একগোল পরিশোধ করে যখন হারের শঙ্কাটাকেই জোরালো করে তুলেছিলেন আর্জেন্টিনোস জুনিয়রসে্র খেলোয়াড়েরা তখন দ্বিতীয়ার্ধের শুরুতে তাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় বেলগ্রানোর স্ট্রাইকার মার্টিন জাপাটার একটি শট। সব আশা নিভিয়ে দিয়ে ২-১ থেকে স্কোরলাইন পরিণত হয় ৩-১ এ। আর দলের এই হতাশাজনক পারফর্মেন্সে ক্যামেরার চোখ যখন দলের ম্যানেজার রিকার্ডো কারুসো লোম্বার্ডির প্রতিক্রিয়া দেখাতে ব্যস্ত তখনই ঘটে যায় অভাবিত সেই ঘটনাটি। ম্যানেজারের ঠিক পায়ের কাছেই সবুজ ঘাসের মাঝে আছড়ে পড়ে দুই পাটি নকল দাঁত। এ সময় ক্যামেরা সাথে সাথে গ্যালারিতে প্যান করলেও ভিড়ের মাঝ থেকে ক্রুদ্ধ সেই সমর্থককে আর খুঁজে পাওয়া যায়নি।