জোকস

আপডেট : ২৯ মে ২০১৩, ১৯:০৮
 শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়কে রবীন্দ্রনাথ ঠাকুর একবার লিখে পাঠালেন, ‘আপনি আজকাল কাজে অত্যন্ত ভুল করছেন। এটা খুবই গর্হিত অপরাধ। এ জন্য কাল বিকেলে আমার বাড়িতে এসে আপনাকে দণ্ড নিতে হবে।’ নেপালবাবু খুব দুশ্চিন্তায় পড়লেন। চিন্তায় চিন্তায় রাতে তার ঘুম হলো না। সকাল হতেই তিনি ছুটলেন গুরুদেবের কাছে। বসার ঘরে তটস্থ হয়ে বসে ছিলেন নেপাল। না জানি কী ভুলের জন্য আজ কী দণ্ড পেতে হয়! মোটা একটা লাঠি হাতে ঘরে প্রবেশ করলেন রবিঠাকুর। নেপালবাবু ভাবলেন, দণ্ড হিসেবে বোধ হয় এ যাত্রা লাঠির বাড়িই খেতে হবে! কবি লাঠিটি নেপালবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, ‘এই নিন আপনার দণ্ড। সেদিন যে আমার বাড়িতে এসে ফেলে গেছেন, তা একদম ভুলে বসে আছেন!’  হঠাত্ করে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তারের পরামর্শে কলেজপড়ুয়া ছেলের সেবাযত্নের জন্য বাসায় একটা নার্স রেখে দিলেন শফিক সাহেব। এর কিছুদিন পর ডাক্তার যখন ছেলেটির খোঁজখবর নিতে ফোন দিলেন তখন শফিক সাহেব জানালেন ছেলেকে নিয়ে তিনি এখনো ভীষণ সমস্যায় আছেন। ডাক্তার জানতে চাইলেন, ‘কী বলছেন, বাড়িতে যে নার্স রাখতে বলেছিলাম তার সেবার পরও রোগ ছেড়ে যায়নি?’ ‘জ্বি, রোগ অনেক আগেই ছেড়ে গেছে, তবে নার্সটা কিছুতেই ছেলেকে ছেড়ে যাচ্ছে না!’ —উত্তরে জানালেন শফিক সাহেব।  দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে— প্রথম বন্ধু :আচ্ছা বলতো, কোনো টাকা খরচ না করেই কীভাবে প্রেমিকাকে বড় একটা চমক উপহার দেওয়া যায়? দ্বিতীয় বন্ধু :কী যে বলিস? কোনো টাকা খরচ না করে আবার প্রেমিকাকে চমকে দেওয়া যায় না কি? প্রথম বন্ধু :যায়। আমি তো নিজেই সেদিন চমকে দিলাম! দ্বিতীয় বন্ধু :কীভাবে? প্রথম বন্ধু :এই তো প্রেমিকাকে আমার বৌয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে! আমি যে বিবাহিত তা আবার ও জানত না কি না!